কাল নয়, শুক্রবার নয়াপল্টনেই মহাসমাবেশ করবে বিএনপি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৯:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জুলাই ২৬, ২০২৩ ৯:২৪ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
পুলিশের আপত্তির কারণে বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার বাদ জুম্মা নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা বিএনপির।
বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে আটটায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, ‘অনির্বাচিত ও অবৈধ ক্ষমতাসীন সরকারের সীমাহীন দূর্নীতি, অনাচার, গুম, খুন, অত্যাচার নিপীড়নের শিকার আমাদের প্রিয় মাতৃভূমির জনগণের রক্তার্জিত স্বাধীনতার সুবর্ণ ফসল গণতন্ত্র পূণঃরুদ্ধারের চলমান আন্দোলন আজ এক দফার আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলনের অংশ হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ দেশের সকল গণতন্ত্রকামী রাজনৈতিক দল আগামীকাল ২৭ জুলাই রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ মহাসমাবেশ সহ নানা কর্মসূচী পালনের ঘোষণা দিয়েছে।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আগামীকাল বৃহস্পতিবার সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়াপল্টনে এই মহাসমাবেশ অনুষ্ঠানের কথা গত ২৩ জুলাই ঢাকা মহানগর পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করেছি। মহানগর পুলিশ কর্তৃপক্ষ আমাদেরকে সোহরাওয়ার্দী উদ্যানে উচ্চ আদালতের আপত্তি এবং কর্ম দিবসে নয়াপল্টনে মহাসমাবেশ অনুষ্ঠানে জনদূর্ভোগের অজুহাতে সমাবেশ অনুষ্ঠানে আপত্তি জানিয়েছে। যদিও ইতোপূর্বে সোহরাওয়ার্দী উদ্যানে এবং কর্ম দিবসে নয়াপল্টনে অসংখ্য সমাবেশÑমহাসমাবেশ অনুষ্ঠানের দৃষ্টান্ত রয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপি বরাবরই শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী বিধায় সরকার ও সরকার দলীয় বিভিন্ন বাহিনীর নানা উষ্কানি এমন কি গত প্রায় এক বছরে ২০ জন নেতা-কর্মীর হত্যা ও অসংখ্য নেতা-কর্মী নির্যাতিত হওয়ার পরেও সীমাহীন ধের্য্য ও সহিষ্ণুতার পরিচয় দিয়েছে।
“এমন কি এই মহাসমাবেশকে কেন্দ্র করে ঢাকাসহ সারা দেশে অসংখ্য নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে ও হচ্ছে। ঢাকার বিভিন্ন হোটেল এবং সারা দেশে নেতা-কর্মীদের বাসা বাড়িতে পুলিশি তল্লাশী চালানো হচ্ছে। গণতান্ত্রিক মূল্যবোধে দৃঢ়ভাবে বিশ্বাসী বিএনপি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার চলমান আন্দোলনকে এগিয়ে নেয়ার লক্ষ্যে ২৭ জুলাই বৃহস্পতিবারের পরিবর্তে আগামী ২৮ জুলাই শুক্রবার-সাপ্তাহিক ছুটির দিনে বেলা ২টায় নয়াপল্টনে পূর্ব ঘোষিত মহাসমাবেশ অনুষ্ঠানের ঘোষণা দিচ্ছে।
মির্জা ফখরুল আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘আমরা আশা করি, দেশে গণতন্ত্র পূণঃপ্রতিষ্ঠার লক্ষ্যে চলমান গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ আন্দোলনের অংশ হিসাবে আয়োজিত এই মহাসমাবেশ অনুষ্ঠানে সরকার কিম্বা সরকারের কোন প্রতিষ্ঠান বাধা সৃষ্টি করবে না। আসন্ন নির্বাচনকে সামনে রেখে আয়োজিত যেকোন গণতান্ত্রিক কর্মসূচী বাধাগ্রস্থ করার যেকোন অপচেষ্টা দেশবাসী প্রকৃত পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজনে বাধা সৃষ্টি হিসাবেই দেখবে এবং এমন অপচেষ্টায় নিয়োজিতদের গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচনে বাধা সৃষ্টিকারী হিসাবেই গণ্য করবে। আমরা সংশ্লিষ্ট সকলকে শান্তিপূর্ণভাবে আগামী শুক্রবার ২৮ জুলাই এর মহাসমাবেশ সফল করার জন্য উদাত্ত আহবান জানাচ্ছি।
জনতার আওয়াজ/আ আ