কুমারখালীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

কুমারখালীতে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, নভেম্বর ২১, ২০২২ ৪:৪৭ অপরাহ্ণ

 

কুষ্টিয়ার কুমারখালীতে নিজ ঘর থেকে রাকিবুল ইসলাম (১৪) নামের এক স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের রায়পুর গ্রামের ওই ছাত্রের নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। রাকিবুল ওই গ্রামের ব্যবসায়ী সানোয়ার হোসেনের ছেলে ও জিডি সামছুদ্দিন আহমেদ কলেজিয়েট স্কুলের দশম শ্রেণীর ছাত্র ছিল। 

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে পুলিশ বলছে ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।
স্বজনরা জানায়, রাকিবুলের পিতা ব্যবসায়ের কাজে বাইরে থাকেন। মা গত রোববার বড় মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। বাড়িতে রাকিব একায় ছিলো। রোববার রাত ৯ টার দিকে রাকিব নিজকক্ষে ঘুমিয়ে পড়ে। সোমবার সকাল সাড়ে ৭ টার দিকে তার চাচি রোজিনা খাতুন তাকে খাবার দিতে গিয়ে শয়নকক্ষ বন্ধ দেখতে পান।
এরপর কয়েকবার ডাকাডাকি ও ঘরের দরজা ধাক্কাধাক্কি করেন। তবুও রাকিবের ঘুম না ভাঙলে পা দিয়ে দরজা খুলে ঘরের ভিতরে যান চাচী রোজিনা। ভিতরে গিয়ে ঘরের বাঁশের আঁড়ার সাথে রশিতে ঝুলতে দেখে চিৎকার করে উঠেন। তবে কি কারণে রাকিব আত্মহত্যা করেছে বা কি ঘটছে তা জানেনা স্বজনরা।
চাচি রোজিনা খাতুন বলেন, ‘ সকালে খাবার দিতে গিয়ে দরজা বন্ধ দেখে অনেক ডাকাডাকি করি। কিন্তু রাকিবের কোনো সারাশব্দ পাইনি। পরে পা দিয়ে দরজা খুলে ভিতরে গিয়ে দেখি আঁড়ার সাথে ঝুলতেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক ওই ছাত্রের এক চাচাতো ভাই বলেন, ‘ রাকিব সবসময় মোবাইলে গেম খেলতো। চুপচাপ থাকত। কিন্তু কোনোদিন প্রেমের কথা শুনিনি। কেউ মারে ফেললো কিনা তা তদন্ত করা দরকার। ‘
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহসীন হোসাইন বলেন, ‘ খবর পেয়ে নিজ ঘর থেকে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, প্রেমে ব্যর্থ হয়ে ওই ছাত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ