কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ, গুলি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ৯, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ৯, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ

কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট সর্দার পাড়া এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত হয়। এ সময় নেতা-কর্মীরা পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও গুলি চালায়। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে পুলিশের অনুমতি না নিয়েই কবুরহাট এলাকায় কর্মসূচির আয়োজন করে বিএনপি। সমাবেশে যোগ দিতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে আসতে থাকেন। তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে বিশৃঙ্খলা ঘটাতে পারে এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশকে লক্ষ্যে করে নেতাকর্মীরা ইট পাটকেল ছুড়তে থাকে। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউন্ড গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় সংঘর্ষে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে পুলিশের কঠোর পদক্ষেপে ঘটনাস্থল থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়।
ঘটনাস্থলে থাকা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, নিপীড়িত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সান্ত্বনা দেয়ার জন্য কেন্দ্র থেকে বিএনপি নেতাদের একটি দল কুষ্টিয়ায় এলে তাদের নিয়ে পুলিশের মৌখিক অনুমতিতে শহরের নবীন টাওয়ারে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল। বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে অনুষ্ঠান শুরু হওয়ার আগে পুলিশ সমাবেশ বন্ধ করতে বলে। এবং ছোট পরিসরে অন্য কোথাও করার জন্য বলা হয়। সেই মোতাবেক কবুরহাটে অবস্থিত যুবদল নেতা মজিদের বাড়িতে কেন্দ্রীয় নেতাদের নিয়ে যায়। সেখানেও পুলিশ গিয়ে নেতাকর্মীদের মারধর শুরু করে। এ সময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে কয়েকটা ইট পাটকেল নিক্ষেপ করে। এরপরেই পুলিশ নেতাকর্মীদের লক্ষ্যে করে গুলি ছোড়ে ও টিয়ার শেল নিক্ষেপ করে। এতে প্রায় ১০ থেকে ১২ জন আহত হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ওসি শেখ সোহেল রানা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ১০ রাউন্ড গুলি চালানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ বলেন, তারা অনুমতি ছাড়াই কর্মসূচি আয়োজন করেছিল। পরে পুলিশ দেখে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে যে ধরনের ব্যবস্থা প্রয়োজন তা নিয়েছে। তিনি বলেন, এখন পর্যন্ত সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ