খালেদা জিয়ার জানাজা: বাড়ছে মানুষের ঢল, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

খালেদা জিয়ার জানাজা: বাড়ছে মানুষের ঢল, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫ ২:০৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

শেষ বিদায়ে প্রিয় নেত্রীকে একনজর দেখার আকাঙ্ক্ষায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে মানুষের ঢল নেমেছে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে সকাল থেকেই সেখানে জড়ো হচ্ছেন দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশের এলাকায় এ চিত্র দেখা যায়। দুপুর ২টায় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

জানাজা সুষ্ঠু ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউয়ে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে। তবে বিকল্প হিসেবে কয়েকটি পথ খোলা রয়েছে। খামারবাড়ি ও বিজয় সরণি এলাকার সড়কগুলো উন্মুক্ত রাখা হয়েছে, যেগুলো দিয়ে মানুষ জানাজাস্থলে প্রবেশ করতে পারছেন।

সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে বিএনপির নেতাকর্মীরা দলে দলে জানাজায় অংশ নিতে আসছেন। অনেকের হাতে জাতীয় ও দলীয় পতাকা দেখা গেছে, আবার কেউ কেউ কালো পতাকা বহন করছেন।

এদিকে জাতীয় পতাকায় মোড়ানো বেগম খালেদা জিয়ার মরদেহ গুলশান থেকে জানাজার উদ্দেশে মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে মরদেহবাহী গাড়িবহর যাত্রা শুরু করে এবং পৌনে ১১টার পর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছায়। গাড়িবহরে লাল-সবুজ রঙের একটি বাসও ছিল।

জানাজাস্থলে উপস্থিত রয়েছেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রীসহ পরিবারের সদস্যরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং খালেদা জিয়ার স্বজনরাও গাড়িবহরে ছিলেন।

এর আগে বুধবার সকাল সোয়া ৯টার পর শেষবারের মতো এভারকেয়ার হাসপাতাল থেকে খালেদা জিয়ার মরদেহ গুলশানের বাসায় নেওয়া হয়। প্রথমে তার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’য় নেওয়ার কথা থাকলেও পরে মরদেহ তারেক রহমানের বাসায় নেওয়া হয়। সেখানে পরিবারের সদস্য ও বিএনপির নেতাকর্মীরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।

বুধবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা পড়াবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজা শেষে তাকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। জানাজা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই সংসদ ভবন এলাকায় নেতাকর্মীদের ভিড় বাড়তে থাকে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিএনপির নেতাকর্মীরা বাস, ট্রেন, লঞ্চ ও ব্যক্তিগত যানবাহনে করে ঢাকার উদ্দেশে রওনা হন।

জানাজা সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। তার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। পাশাপাশি বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ