খালেদা-তারেক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দুর্নীতিবাজ: পরশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২৯, ২০২৩ ১২:১৭ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপির খালেদা-তারেক আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দুর্নীতিবাজ। সোমবার (২৮ আগস্ট) বিকেলে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে যুবলীগ আয়োজিত উদ্যোগে আগামী ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে’র শুভ উদ্বোধন কার্যক্রম ও সুধী সমাবেশ সফল করার লক্ষ্যে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি।
যুবলীগ চেয়ারম্যান বলেন, ২ সেপ্টেম্বরের এই সুধী সমাবেশ থেকে তিনটি বিষয় প্রতিষ্ঠিত হবে, ১. বিশ্বমন্দা মোকাবিলায় শেখ হাসিনা’র বিশ্বব্যাপী আকাশচুম্বী জনপ্রিয়তা এবং সফলতা; এবং সঙ্গত কারণে তার প্রতি বিশেষ করে ঢাকা বিভাগের জনগণের আকর্ষণ এবং অকৃত্রিম ভালবাসা। ২. যেকোন নির্বাচনে ঢাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। লোকে বলে, যে দল ঢাকায় ভাল ফলাফল করে, সেই দলই নির্বাচন জয়ী হয়। তাই এই সমাবেশের মাধ্যমে আমরা আমাদের প্রিয় নেত্রীকে আশ্বস্ত করতে চাই, ঢাকা থেকে তিনি আগামী নির্বাচনে সর্ব উৎকৃষ্ট ফলাফল আশা করতে পারবে।
৩. তার বিশ্বস্ত এবং শক্তিশালী ভ্যানগার্ড হিসাবে যুবলীগের সর্বোচ্চ ভূমিকা প্রমাণ করবে যে যুবলীগ শুধু এই সমাবেশ না, যে কোন কর্মসূচি বাস্তবায়নে সর্বশক্তি দিয়ে আত্মনিয়োগ করবে এবং আগামী নির্বাচনে নৌকার জয় নিশ্চিত করতে আওয়ামী যুবলীগ জননেত্রীর শক্তিশালী ভ্যানগার্ড হিসেবে মুখ্য ভূমিকা পালন করবে। সেকারণে, এই সুধী সমাবেশ সফল করার জন্য আপনাদের সর্বোচ্চ সহযোগিতা আমরা চাচ্ছি।
তিনি বলেন, বর্তমান জটিল রাজনৈতিক-অর্থনৈতিক প্রেক্ষাপটে বিএনপির কোন নেতা রাষ্ট্র পরিচালনা করার কোন যোগ্যতা নাই, দক্ষতা নাই, সক্ষমতা নাই। না আছে খালেদা জিয়ার, না আছে তাঁর গুণধর পুত্র তারেক জিয়ার। তারা দুইজনই অযোগ্য, শুধুমাত্র অযোগ্য তা না, দক্ষতার অভাবেও অযোগ্যতার অন্যতম কারণ। তবে খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাৎ করে দণ্ডিত আসামি। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২১ আগস্ট ও মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামী। সেই লন্ডারিং এর টাকা বিদেশ থেকে উদ্ধার করে ফেরতও আনা হয়েছে। সুতরাং এ ব্যাপারটা দিবালোকের মতো পরিষ্কার। তারা আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত দুর্নীতিবাজ। নির্বাচনে যাওয়ার পথও তাদের নাই।
তিনি আরও বলেন, আজকের এই পর্যায়, এই মধ্যম আয়ের দেশ পরিচালনা করতে যেই যোগ্যতা লাগে তাদের তা নাই। এই যোগ্যতা অর্জন করতে হলে রাষ্ট্র পরিচালনার দক্ষতা থাকতে হয়। দক্ষতা নাই বলে নেতিবাচক রাজনীতির দিকে বিএনপি ধাবমান। তাই তারা এ দেশকে ধ্বংস করার এজেন্ডা হাতে নিয়েছে, ভেবেছে হত্যা, ক্যু, নৈরাজ্য সৃষ্টি করে বিদেশী প্রভুদের দৃষ্টি আকর্ষণ করা যাবে। কিন্তু বিদেশী প্রভুরা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে তাদের বলার কিছু নাই, তারা হস্তক্ষেপ করবে না।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেন, বিএনপি-জামাতের শাসনামালে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীদের ওপর কি অমানবিক অত্যাচার চালিয়েছে। যুবলীগের অগ্রযাত্রাকে ব্যহত করতে পার্টি অফিসে ঢুকে যুবলীগের নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। বাড়ি ঘরে থাকতে দেওয়া হয় নাই। কিন্তু এই ১৫ বছরে বিএনপির নেতারা আছে সবচেয়ে সুখে। তারা তাদের এসি রুমে ঘুমায়, আরাম আয়েশে ব্যবসা-বাণিজ্য করছে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগকে বিপদে ফেলতে তারেক রহমান যে কোন সময় খালেদা জিয়াকে মেরে ফেলতে পারে। কারণ তারেক রহমান একজন বিভৎস মানুষ। যে কোন জঘণ্য কাজ করতে পারে। এজন্য যুবলীগকে সদা সর্বদা সজাগ থাকতে হবে যেন বিএনপি-জামাত কোন ধরণের ষড়যন্ত্র করতে না পারে।
যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা’র প্রতিটি পদক্ষেপই এদেশের মানুষের কল্যাণের জন্য, এদেশের উন্নয়নের জন্য। স্বপ্নের পদ্মাসেতু, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল, স্বপ্নের মেট্রোরেল, মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সর্ব সাধারণের জন্য সার্বজনীন পেনশন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের তৃতীয় টার্মিনাল, স্বপ্নের এলিভেটেড এক্সপ্রেসওয়ে আজ বাস্তবায়িত।
তিনি আরও বলেন, খুনি জিয়াউর রহমান ও তার পরিবার এদেশের অর্থ বিদেশে পাচার করে, দেশে জঙ্গিবাদ সৃষ্টি করে, ছাত্র-সমাজ-যুবসমাজ ধ্বংস করেছে অস্ত্র দিয়ে, অবৈধ টাকা দিয়ে। ২০০১ সাল থেকে ২০০৬ সাল এদেশের সাধারণ মানুষের উপর অত্যাচার চালিয়েছে বিএনপি-জামাত। হাজার হাজার আওয়ামী লীগের নেতা-কর্মীদের হত্যা করেছে। শুধু তাই নয় সংখ্যালঘুদের উপর অত্যাচার, ধর্ষণ, তাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে বিএনপি-জামাত।
যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আবার বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র নেতৃত্বে এগিয়ে যাওয়ার বাংলাদেশকে বাধাগ্রস্ত করতে নানা মুখী ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত। আগামী ২ সেপ্টেম্বরের মহাসমাবেশের মাধ্যমে বিএনপি-জামাতের সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিবে যুবলীগ।
এ সময় উপস্থিত ছিলেন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট মামুনুর রশীদ, ডা. খালেদ শওকত আলী, মো. হাবিবুর রহমান পবন, মো. মোয়াজ্জেম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক সুব্রত পাল, মুহাম্মদ বদিউল আলম, ব্যারিস্টার শেখ ফজলে নাঈম, মো. রফিকুল আলম জোয়ার্দার সৈকত, সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মো. সাইফুর রহমান সোহাগ, মো. জহির উদ্দিন খসরু, মো. সোহেল পারভেজ প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ