খুলনায় বিএনপির গণসমাবেশকে ঘিরে সরকার- সান্ধ্য আইন জারি করেছে
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২২, ২০২২ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২২, ২০২২ ১:১৮ অপরাহ্ণ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, খুলনায় বিএনপির গণসমাবেশকে ঘিরে সরকার- সান্ধ্য আইন জারি করেছে। সমাবেশকে বাধাগ্রস্ত করতেই সরকারের নির্দেশে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ করা হয়েছে। কিন্তু জনতার ঢলে পরিপূর্ণ এখন খুলনা শহর। তারা তাদের অধিকার ফিরে পেতেই সকল চ্যালেঞ্জ উপেক্ষা করে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগ দিয়েছেন। অন্যদিকে সরকার গণসমাবেশ ঠেকাতে যা করেছে তা নজিরবিহীন ও কলঙ্কজনক।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সরকারের নির্দেশে সমাবেশের দুইদিন আগে সড়ক পরিবহন ও লঞ্চ ধর্মঘট শুরু করা হয়। এই ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ, রোগী, পরীক্ষার্থীরা। গতকাল থেকে ফেরী ও নৌ চলাচল বন্ধ করা হয়েছে। সমাবেশে লোক সমাগম না হতে সকল চেষ্টাই করেছে সরকার। চেকপোষ্টসহ নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
সরকারের এহেন অপকৌশলে জনগণ ও বিএনপি নেতাকর্মীরা সীমাহীন ভোগান্তিতে পড়লেও তারা অদম্য উৎসাহ-উদ্দীপনা নিয়ে সমাবেশের দিকে ছুটে যাচ্ছে। প্রাইভেট কার, মাইক্রোবাসসহ নদীপথে ট্রলারযোগে যাওয়ার পথে পথে পুলিশ ব্যারিকেড দিয়ে হয়রানি করছে।
বিএনপির এই মুখপাত্র বলেন, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের খুলনায় অবস্থানরত বাড়ি থেকে বাড়ির বাসিন্দাসহ প্রায় ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুধু স্থানীয় নেতাকর্মীরাই নয়, ঢাকা থেকেও যেসব বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খুলনা গেছেন তাদেরকে বিভিন্নভাবে হয়রারি করা হয়েছে। জাহাঙ্গীরের নেতৃত্বে মাগুরা স্বেচ্ছাসেবক দলের একটি মাইক্রোবাস সমাবেশে যাওয়ার পথে পুলিশ তাদের গ্রেফতার করার পর গতকাল আদালতেও প্রেরণ করেছে।
রিজভী বলেন, সাতক্ষীরা থেকে বাসযোগে সমাবেশে আসার পথে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৫০ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বাগেরহাট থেকে আসার পথে নেতাকর্মীদের বহনকারী একটি ট্রলার আটকে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। ঝিকরগাছা থেকে আসার পথে ৩০/৪০ জন নেতাকর্মীকে আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে, পুলিশ তাদেরকে আটক করেছে।
কেশবপুর থেকে আসার পথে সোনাডাঙ্গায় ‘এই গাড়ি থাম’ বলে আওয়ামী সন্ত্রাসীরা হকিস্টিক, রড ও ছুরি দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে ভয়ানক জখম করেছে। সন্ত্রাসীরা তাদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ছিনিয়ে নিয়েছে। সমাবেশের আশপাশসহ খুলনা মহানগরীর প্রবেশ পথে নেতাকর্মীদের ঢুকতে বাধা সৃষ্টি করা হয়েছে বলে অভিযোগ করে তিনি।
তিনি বলেন, সকল বাধা উপেক্ষা করে খুলনা বিভাগীয় সমাবেশকে সফল করতে নেতাকর্মীরা প্রবল আনন্দ-উদ্দীপনায় খুলনা সোনালী ব্যাংক চত্ত্বরে মানুষের ঢল নেমেছে। মেহেরপুর, কুষ্টিয়া, মাগুরা, সাতক্ষীরাসহ বিভাগীয় জেলাগুলো থেকে চিড়া-মুড়ি-গুড়-পানি-বিছানা নিয়ে সেখানে হাজির হয়েছে। পথিমধ্যে অনেকেই খবরের কাগজ কিংবা চাদর বিছিয়ে রাত্রি যাপন করেছে, এ যেন এক অভূতপূর্ব দৃশ্য।
তিনি আরও বলেন, গণসমাবেশকে ঘিরে সরকার যে নীচতা, নীতিহীনতা, স্বার্থপরতা এবং ভীতি প্রদর্শনের পথ অবলম্বন করেছে তা এক কলঙ্কজনক নজির। স্থানীয় প্রশাসন নিজেরা সরকারের দুর্বৃত্তপনার সহযোগী হিসেবে কাজ করছে। আওয়ামী সন্ত্রাসীরা যখন পথে পথে বিএনপি নেতাকর্মীদের রক্তাক্ত করছে তখন সব জেনে বুঝেই প্রশাসন নিশ্চিন্তে ঘুমিয়েছে। সমাবেশকে নিয়ে যে তান্ডব দৃশ্যমান তা আওয়ামী ফ্যাসিবাদের উন্মত্ত লীলা। এই মূহুর্তে আওয়ামী ত্রাসের ক্রমপরিবর্তনশীল সঙ্গা জরুরি হয়ে পড়েছে। কারণ এদের নিষ্ঠুরতার তুলনা বিশ্ব ইতিহাসে কম।
রিজভী বলেন, আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রস্বীকৃত ভিন্নমতকে সহ্য করেনি। সমাবেশ করা গণতন্ত্রের একটি অন্যতম প্রধান শর্ত। এটিকে বাধাগ্রস্ত করার একমাত্র উদ্দেশ্যই হচ্ছে কর্তৃত্ববাদকে প্রতিষ্ঠিত রাখা। স্বৈরতান্ত্রিক ব্যবস্থার দুর্বিষহ পদ্ধতি বজায় রাখতেই খুলনার মহাসমাবেশে সরকার নারকীয় বাধা সৃষ্টি করছে। আওয়ামী লীগ মধ্যযুগীয় জমিদারতন্ত্রে বিশ্বাস করে বলেই গণতন্ত্রের সব দরজা খোলা রাখার নীতিকে অমান্য করে। তাদের বিশ্বাসের একমাত্র ভিত্তি হচ্ছে মানুষকে ভয় দেখিয়ে ক্ষমতা ধরে রাখা।
তিনি বলেন, সকল বাধা বিপত্তি অতিক্রম করে খুলনা মহানগরে এক অতুলনীয় জনস্রোতের তরঙ্গ সৃষ্টি হয়েছে। ইতোমধ্যে সোনালী ব্যাংকের চত্ত্বরকে কেন্দ্র করে আশপাশের কয়েক কিলোমিটার এলাকায় মানবসমুদ্র তৈরি হয়েছে। জনগণের শক্তিকে শিকারী বাহিনীর মতো ওঁৎ পেতে থেকে আক্রমণ করলেও তাকে যে স্তিমিত করা যায় না, আজকে খুলনায় মানুষের সমাগম তারই এক বড় দৃষ্টান্ত। জনগণের শক্তিকে কেউ কখনো প্রতিহত করতে পারে না। আজকের এই সমাবেশ আওয়ামী সরকারের অবৈধ প্রধানমন্ত্রীর উগ্র ক্ষমতালোভ, গণতন্ত্রকে শয্যাসায়ী ও মরণাপন্ন করা, গণতন্ত্রের মা দেশনেত্রীকে বন্দি করে রাখা, অনাচার-ব্যর্থতা, কূপমুণ্ডকতার বিরুদ্ধে জনগণের স্বতঃস্ফুর্ত প্রতিবাদ।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন ভূঁইয়া শিশির, স্বেচ্ছাসেবক দলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. জাহেদুল কবির জাহিদ ও ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ