খেলার মাঠ ছোট হওয়ায় বাড়ছে মাদকাসক্তি: জ্বালানিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১৫, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১৫, ২০২৬ ১১:৫৫ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাদকাসক্তি বাড়ার অন্যতম কারণ হলো খেলার মাঠের অভাব। তিনি বলেন, যদি খেলাধুলার সুযোগ থাকত, তাহলে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় তরুণরা আড্ডা দিয়ে সময় কাটাত না এবং মাদকে আসক্ত হতো না।
শুক্রবার (১৫ মে) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত গুণীজন সংবর্ধনা ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তিনি জেলা প্রশাসককে বলে দিয়েছেন প্রতিটি স্কুলে প্রতিটি শ্রেণিতে সপ্তাহে এক দিন দুই ঘণ্টা করে খেলাধুলার ক্লাস রাখতে হবে। সেখানে ফুটবল, বাস্কেটবল থেকে শুরু করে গ্রামীণ খেলাধুলাও থাকবে। তিনি আরও বলেন, খেলাধুলা না করলে শরীর ভালো থাকে না, আর শরীর ভালো না থাকলে মনও ভালো থাকে না।
শিক্ষার্থীদের উদ্দেশে ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, শিক্ষা এমন এক সম্পদ, যা কেউ চুরি করতে পারে না। শেখার কোনো বয়স নেই। তিনি তাঁর পরিবারের শিক্ষার উদাহরণ তুলে ধরে বলেন, তাঁর দাদা একজন কৃষিজীবী মানুষ হয়েও ১৯২৪ সালে তাঁর ছেলেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন। তখন সিরাজগঞ্জে কলেজ না থাকায় ম্যাট্রিক পাস করে বাইরে গিয়ে পড়তে হতো। তবুও একজন কৃষিজীবী মানুষও সন্তানের শিক্ষার স্বপ্ন দেখতেন।
তিনি আরও বলেন, দেশটা শুধু আমাদের নয়, এটি আগামী প্রজন্মের জন্যও। তিনি চান সিরাজগঞ্জকে এমন একটি জায়গায় রেখে যেতে, যেটি নিয়ে ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করতে পারে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। মাদকের পরিবর্তে খেলাধুলা এবং নেশার পরিবর্তে স্বাস্থ্যরক্ষার বিষয়ে তিনি খুবই সিরিয়াস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম। আরও উপস্থিত ছিলেন সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাজরান রউফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শিক্ষার্থী ও অভিভাবকেরা।
জনতার আওয়াজ/আ আ