গণ-অভ্যুত্থানের চেতনা নির্মমভাবে অবমানিত হচ্ছে: আ স ম রব - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণ-অভ্যুত্থানের চেতনা নির্মমভাবে অবমানিত হচ্ছে: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, এপ্রিল ৪, ২০২৬ ৩:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
প্রতিনিধি দলের সঙ্গে কথা বলছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি, ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব ছবি: সংগৃহীত

‌রক্তাক্ত জুলাই গণ-অভ্যুত্থানের জনআকাঙ্ক্ষার চেতনা ও স্বপ্ন আজ নির্মমভাবে অবমানিত হচ্ছে। দেশের জন‍্য বারবার জীবন উৎসর্গ করা শহিদদের আত্মা কষ্ট পাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন এবং জনগণের কাছে প্রতিশ্রুত সংবিধান সংস্কার নিয়ে যে টালবাহানা চলছে, তা কেবল ব্যর্থতা নয়-এটি জাতির সঙ্গে চরম প্রতারণা বলে বলেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি, ডাকসুর সাবেক ভিপি আ স ম আবদুর রব।

সরকারের প্রভাবমুক্ত সম্পূর্ণ স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন অপরিহার্য উল্লেখ করে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ১১ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জ্ঞাপন করেন এবং তা দ্রুত কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর উত্তরার নিজ বাসভবনে আ স ম রবের শারিরিক খোঁজ খবর নিতে গেলে একটি প্রতিনিধি দলের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি অতীতের ভুল ও ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে জনগণের আকাঙ্ক্ষা প্রকৃত দেশপ্রেমিকদের নিয়ে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠনের লক্ষ্যে দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটিকে জাতীয় ঐক্যের জন্য সৎ, যোগ্য, নির্মোহ, নির্ভীক, দায়িত্বশীল ও নিবেদিত দেশপ্রেমিকদের খুঁজে বের করতে অনুরোধ করেন।

তিনি বলেন, রাষ্ট্র পরিচালনার কাঠামোগত সংস্কার এবং সংবিধানের মৌলিক সংস্কারের বিলম্ব জনগণ সহ্য করবে না। কিছু রাজনৈতিক দল তাদের অঙ্গীকার ভঙ্গ করে, জুলাই সনদকে পাশ কাটিয়ে দেশকে আবারও বিপজ্জনক মোড়ে দাঁড় করাচ্ছে। কিছু রাজনৈতিক দল ২০২৪-কে ১৯৭১-এর মুখোমুখি দাঁড় করিয়ে নতুন এক অস্থিতিশীলতার নাটক মঞ্চস্থ করতে চায়। ক্ষমতার মোহে সংঘাত-সংঘর্ষ, বিভেদ-বিভাজন এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে দলীয়করণ, আত্মীয়করণের রাজনীতি জনগণ চায় না, জনগণ আর প্রতারিত হবে না। এবারের লড়াই অধিকার, স্বচ্ছতা, গণতন্ত্র ও সঠিক ইতিহাস রক্ষা করে ইতিহাসের বাঁকে বাঁকে যার যতটুকু অবদান-তার স্বীকৃতির।

এ সময় মিসেস তানিয়া রব দেশবাসীর নিকট রবের সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন উনসত্তরের গণ-অভ্যুত্থানের শহিদ আসাদের সহোদর ডা. এ এম নুরুজ্জামান, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক অ্যাডভোকেট হুমায়ুন কবির ভুঁইয়া, সদস্য সচিব আবুল কালাম আজাদ, উনসত্তরের গণ-অভ্যুত্থানের ছাত্রনেতা খলিলুর রহমান, সাবেক সেনা কর্মকর্তা আফাজ উদ্দিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ