গণ-অভ্যুত্থানের পরেও দলীয়করণ রয়ে গেছে: ড. ইফতেখার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, গণ-অভ্যুত্থানের পরেও দেশ থেকে দলীয়করণ দূর হয়নি, শুধু এর রূপ বদলেছে। তিনি বলেন, রাজনৈতিক দল ও আমলাতন্ত্র বৈষম্যবিরোধী চেতনা বাস্তবায়নে সফল হয়েছে— এমন উদাহরণ দেশে খুবই বিরল।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ধানমন্ডি টিআইবির কার্যালয়ে নির্বাচন বিষয়ক এক সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও রাজনৈতিক দল, আমলাতন্ত্র ও আইন প্রয়োগকারী সংস্থা— এই তিনটি শক্তিই নির্বাচন প্রক্রিয়ায় মুখ্য ভূমিকা পালন করে। তাদের টানাপড়েনের মধ্য দিয়েই পুরো প্রক্রিয়া পরিচালিত হয়।
তিনি বলেন, গত ৫৪ বছর ধরে দলীয়করণের কারণে দেশ নানামুখী সমস্যার মুখে রয়েছে। তাই এসব দুর্বলতাকে বিবেচনায় রেখে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করতে হবে। একই সঙ্গে কোথায় কোথায় বিচ্যুতি ঘটছে, সেটিও চিহ্নিত করা জরুরি।
টিআইবির নির্বাহী পরিচালক জানান, এসব বিষয় মাথায় রেখে সংস্কার কমিশনের কাছে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। তবে সবকিছুর পরও নির্বাচন কমিশন চাইলে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা সম্ভব।
জনতার আওয়াজ/আ আ