গণঅধিকার পরিষদ এবি পার্টি ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণঅধিকার পরিষদ এবি পার্টি ইনকিলাব মঞ্চের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ২:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৩০, ২০২৫ ২:৫৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও ইনকিলাব মঞ্চের যৌথ সংবাদ সম্মেলনে নেতারা নুরুল হক নূরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সরকারের কাছে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। এই সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে।

Advertisement

শুক্রবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে রাজধানীতে এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং ইকবাল মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি যৌথভাবে এই সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

তারা অভিযোগ করেছেন, নুরের ওপর হামলা ছিল পূর্বপরিকল্পিত এবং আওয়ামী লীগের প্রেতাত্মারা এ হামলা চালিয়েছে।

এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জু বলেন, বিপদজনক অবস্থায় নুরুল হক নূরের চিকিৎসা চলছে। সরকারের কাছে আমাদের দাবি বিশেষ বোর্ড গঠন করে নূরের চিকিৎসা দিতে হবে। তিনি শঙ্কামুক্ত কি না, সে বিষয়ে দ্রুত আমাদের জানাতে হবে।

তিনি আরও বলেন, নূরকে যেভাবে পেটানো হয়েছে, আমাদের মনে হয়েছে তাকে টার্গেট করে এটি করা হয়েছে। আগেও তাকে এভাবে টার্গেট করে পেটানো হয়েছে। এ ঘটনার আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

গণঅধিকার পরিষদের দেওয়া আল্টিমেটামের প্রসঙ্গে তিনি বলেন, অনেক রক্তক্ষরণের মধ্য দিয়ে আজ আমরা এখানে এসেছি। গণঅধিকার পরিষদের পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অভিযুক্তদের আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও যোগ করেন, আমাদের কথা স্পষ্ট। যারা এ ধরনের নৃশংস নির্যাতন করেছেন, তাদের ছবি ও ভিডিও আমাদের কাছে আছে। এটার তদন্ত করতে সরকারের ৬ ঘণ্টা যথেষ্ট। এর মধ্যে তারা কী পদক্ষেপ নিচ্ছেন সেটি আমাদের জানাতে হবে। তারপরও আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি অভিযুক্তদের আইনের আওতায় আনতে।

এ সময় তিনি জানান, অতীতে আমরা যখন বিপদগ্রস্ত ছিলাম, তখন আসিফ নজরুল আমাদের পাশে ছিলেন। আমরা বিশ্বাস করি এই সময়ও তিনি আমাদের পাশে থাকবেন এবং সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনবেন। আমাদের শান্ত থাকতে হবে, ধৈর্য ধরতে হবে।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, নুরের ওপর হামলার ঘটনায় আমরা সরকারকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়েছি। সেনাবাহিনীর উপর আমাদের যে বিশ্বাস ছিল-যে বাহিনী গণঅভ্যুত্থানে আমাদের সঙ্গে ছিল -কিন্তু সেনাবাহিনী যেভাবে আমাদের উপর হামলা চালিয়েছে, আমাদের মনে হয়েছে এরা সেনাবাহিনী নয়, এরা ছাত্রলীগ-যুবলীগ। নুরুল হক নূরসহ আমাদের নেতাকর্মী যাকে পেয়েছে, সেনাবাহিনী তাকেই পিটিয়েছে।

তিনি আরও বলেন, এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মারা রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। র‍্যাব ও পুলিশের মধ্যেও আওয়ামী লীগের প্রেতাত্মা রয়েছে। শুধু শেখ হাসিনা দিল্লিতে পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে প্রেতাত্মারা দেশে রয়ে গেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগের প্রেতাত্মাদের নিষিদ্ধের দাবিতে আমরা যমুনা ঘেরাও করব।

ইকবাল মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি বলেন, আমরা জুলাই হারিয়ে ফেলেছি। জুলাই আর আমাদের হাতে নেই। জুলাই যে আমাদের হাতে নেই, তার নিকৃষ্টতম প্রমাণ নুরুল হক নূরের ওপর হামলা। জুলাইয়ের পক্ষে বাংলাদেশের সব রাজনৈতিক দলকে এখনই ঐক্যবদ্ধ হতে হবে। আমরা যদি ঐক্যবদ্ধ হতে না পারি, তবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বাঁচবে না।

তিনি অভিযোগ করে বলেন, যেভাবে জুলাইয়ের শক্তিকে পেটানো হয়েছে, সেখানে কীভাবে বলা হবে আওয়ামী লীগ ক্ষমতায় নেই? আওয়ামী লীগের বি না সি টিম ক্ষমতায়, সেটা আমরা জানতে চাই।

সংবাদ সম্মেলনে তিন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতারা এক যোগে বলেন, সরকারকে দেওয়া সময়সীমার মধ্যে দোষীদের আইনের আওতায় না আনলে তারা কঠোর আন্দোলনে নামবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ