গণগ্রেফতারে রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি খুলনা বিএনপি’র
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, নভেম্বর ২, ২০২৩ ৫:৫৭ অপরাহ্ণ

ফকির শহিদুল ইসলাম,খুলনাঃ
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক সাবেক ছাত্রনেতা আমীর এজাজ খানকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর ময়লাপোতা মোড়স্থ একটি বেসরকারি হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে তড়িঘড়ি করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে, দাকোপ উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল মান্নানকে থানা পুলিশ এবং খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীকে নিরালার বাসা থেকে সাদাপোশাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় পুলিশ। গণতন্ত্র পুনরুদ্ধার করে জনগনের ভোটাধিকার ফিরিয়ে দেবার লড়াইয়ের সাহসী যোদ্ধা দীর্ঘদিনের পরিচ্ছন্ন রাজনীতিকদের গায়েবী মামলা দায়ের করে গণগ্রেফতার ও সাদাপোশাকে বাসা থেকে তুলে নেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানসহ সকল রাজবন্দীর নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন খুলনা বিএনপি’র নেতৃবৃন্দ।
গতকাল বৃহস্পতিবার (০২ নভেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, নগরীর ময়লাপোতা মোড়স্থ খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মূমুর্ষূ অবস্থায় চিকিৎসাধীন সহধর্মিনীর শয্যা পাশে যেয়ে তার চিকিৎসার খোঁজখবর নিচ্ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান। এমনি অবস্থায় আওয়ামী আজ্ঞাবহ পেটোয়া বাহিনীর ন্যায় সম্পূর্ণ অমানবিকভাবে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে তড়িঘড়ি করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে। এসময়ে ছবি/ভিডিও ধারণ করতে গেলে কর্তব্যরত সাংবাদিকদের বাঁধা দিয়ে মারমুখী আচরণ করে পুলিশ। অন্যদিকে, দাকোপ উপজেলা বিএনপি’র আহবায়ক আব্দুল মান্নানকে গ্রেফতারকালে পরিবারের নারী-শিশুদের সাথে চরম অসৌজন্যমুলক আচরণ করেছে পুলিশ। এখানেই ক্ষ্যান্ত নয়, খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীকে নিরালার বাসা থেকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পরিচয়ে আটকের দুইদিন পরও কোন হদিস না পাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেছেন, রক্ষীবাহিনীর ন্যায় দলীয় উদ্দেশ্যে ব্যবহৃত হচ্ছে পুলিশ। খুলনার সর্বত্রই গণগ্রেফতারের নামে বিএনপি নেতাকর্মীদের দমন-নিপীড়নের মাত্রা অতীতের সকল রেকর্ড ভঙ্গ করেছে। এতে নিশিরাতের ভোট ডাকাত অবৈধ ফ্যাসিষ্ট সরকারের শেষ রক্ষা হবে না ইনশাআল্লাহ্; অচিরেই জনবিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনা সরকারের লজ্জাজনক পতন নিশ্চিত করে জনগনের সরকার প্রতিষ্ঠিত হবে।
তাই সময় থাকতে পুলিশকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে জনগনের সেবকের ন্যায় সৌহার্দ্যপূর্ণ আচরণ করার উদাত্ত আহবান জানিয়ে অবিলম্বে গায়েবী মামলার পন্থা পরিহার করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃর্শত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা এবং সজ্জন রাজনীতিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খুলনা জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খানসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি ও রাজনৈতিক প্রতিহিংসামুলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, খুলনা মহানগর বিএনপি’র আহবায়ক এ্যাড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপি’র সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ