গণতন্ত্র ও দরিদ্র মানুষের অধিকার আজও অনুপস্থিত, নেতৃত্বকে জবাবদিহি করতে হবে: ড. মঈন খান - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র ও দরিদ্র মানুষের অধিকার আজও অনুপস্থিত, নেতৃত্বকে জবাবদিহি করতে হবে: ড. মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পরও দেশে গণতন্ত্র ও দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠিত না হওয়া জাতির জন্য এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।

তিনি বলেন, এই ব্যর্থতার দায় অতীত ও বর্তমান রাজনৈতিক নেতৃত্বকে জাতির কাছে ব্যাখ্যা করতে হবে।

বুধবার (১৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) আয়োজিত “মহান মুক্তিযুদ্ধ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. মঈন খান বলেন, “গণতন্ত্র ও দরিদ্র মানুষের অর্থনৈতিক অধিকার—এই দুটি লক্ষ্য নিয়েই বাংলাদেশের জন্ম। অথচ অর্ধশতাব্দী পার হয়ে আজও আমরা সেই লক্ষ্য খুঁজে ফিরছি। কেন আমরা ব্যর্থ হলাম, তার জবাব জাতিকে দিতে হবে।”

তিনি বলেন, মানুষের ইতিহাস মূলত অধিকার প্রতিষ্ঠার ইতিহাস। রাষ্ট্র, সরকার কিংবা সংস্কারের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা। খাদ্য নিরাপত্তা, চিকিৎসা সেবা এবং সর্বোপরি মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত না হলে কোনো রাষ্ট্রই টেকসই হতে পারে না।

বিএনপির এই নেতা বলেন, “বাংলাদেশের মানুষ অনাহারে থাকতে পারে, কিন্তু কথা বলা বন্ধ করবে না। ইতিহাস সাক্ষী—যখনই ফ্যাসিবাদী শক্তি মানুষের কণ্ঠ রোধ করতে চেয়েছে, তখনই গণপ্রতিরোধ গড়ে উঠেছে।”

আধুনিক রাষ্ট্রব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, অনেক সময় রাষ্ট্র মানুষকে ব্যক্তি হিসেবে না দেখে কেবল সংখ্যা হিসেবে বিবেচনা করে, ফলে প্রকৃত জনকল্যাণ উপেক্ষিত হয়। ভবিষ্যৎ সরকারকে এই বাস্তবতা উপলব্ধি করে সমস্যার মুখোমুখি হওয়ার আহ্বান জানান তিনি।

অর্থনীতি প্রসঙ্গে ড. মঈন খান বলেন, বাংলাদেশের প্রকৃত অর্থনীতি মূলত ইনফরমাল সেক্টরের ওপর নির্ভরশীল, যার সঠিক প্রতিফলন রাষ্ট্রীয় হিসাব-নিকাশে নেই। প্রচলিত অর্থনৈতিক তত্ত্ব দিয়ে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশের বাস্তবতা পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের শাসনামল সমালোচনা করে তিনি বলেন, জনগণের কল্যাণের পরিবর্তে আত্মসেবা ও অলিগার্কি প্রতিষ্ঠা করা হয়েছে, যার সবচেয়ে বড় ভুক্তভোগী হয়েছে দেশের দরিদ্র জনগোষ্ঠী।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ড. মঈন খান বলেন, “২৫ মার্চের কালরাতে জাতির পক্ষে প্রথম প্রতিবাদী কণ্ঠ ছিল জিয়াউর রহমানের। তিনি শুধু স্বাধীনতার ঘোষণা দেননি, মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে নেতৃত্বও দিয়েছেন।”

তিনি বলেন, আমরা একটি দরিদ্র দেশ হতে পারি, কিন্তু সম্মান ও গণতন্ত্র নিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। সেই লক্ষ্য বাস্তবায়নেই আমাদের রাজনৈতিক সংগ্রাম।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন আলাল, অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাবের মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ