গণতন্ত্র ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে : নীরব - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র ধ্বংসকারীদের বিচারের আওতায় আনতে হবে : নীরব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫ ২:০০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের গণতন্ত্র যারা ধ্বংস করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে আওয়ামী সন্ত্রাসীদের বিচার এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

নীরব বলেন, আজ দেশের অনেকেই বলছে শেখ হাসিনার বিচারের আগে জাতীয় নির্বাচন হবে না। তার বিচারের কথা বিএনপি অনেক আগে থেকেই বলে আসছে। গুম-খুন, নির্যাতন ও গণহত্যার দায়ে পতিত এই স্বৈরাচারকে বিচারের আওতায় আনতে হবে। যারা দেশের গণতন্ত্র ধ্বংস করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।

বিএনপির এই নেতা বলেন, জানুয়ারি-ফেব্রুয়ারি যে মাসেই নির্বাচন দেন, তার একটা রোডম্যাপ দেন। তাহলে তো নির্বাচন নিয়ে আর আলোচনা হয় না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তো বলেছেন- রোডম্যাপ দেন, তারপরে সবাই বসে আলোচনা করব।

তিনি বলেন, মঈনুদ্দিন-ফখরুদ্দিন বিএনপিকে ধ্বংস করার চেষ্টা করেছে। তারেক রহমানকে মেরে ফেলার চেষ্টা করেছে। কিন্তু পারে নাই। শেখ হাসিনা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছর কারাগারে বন্দি করে কষ্ট দিয়েছে। দেশের ১৮ কোটি মানুষের ৭৫ ভাগ মানুষ কষ্ট, নির্যাতন সহ্য করেছে।

সাইফুল আলম নীরব বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন ধরে দেশ ছাড়া। উনাকে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে। ওয়ান-ইলেভেনের সময় এবং তারপরেও কিছু কুচক্রি মহল তাকে মেরে ফেলার জন্য চক্রান্ত করেছে। তিনি বাংলাদেশকে পুনর্গঠনের জন্য ৩১ দফা কারিগর হিসেবে ভূমিকা পালন করছেন।

নেতাকর্মীদের উদ্দেশে যুবদলের সাবেক এই সভাপতি বলেন, যে যেখানে আছেন দায়িত্ব সবার সমান। সংগ্রাম এখনো শেষ হয়নি। বিএনপিকে ক্ষমতায় এনে ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে আরও উন্নত করতে হবে, সমৃদ্ধশালী করতে হবে। কোনো দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য তথা কোনো ধরনের অপকর্মের সঙ্গে জড়িত হওয়া যাবে না। দলের মধ্যে এমন কারও কোনো স্থান হবে না। এটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সুস্পষ্ট নির্দেশনা। তিনি (তারেক রহমান) বলেছেন, সাধারণ মানুষের মন জয় করেই বিএনপির প্রতি তাদের সমর্থন ও ভোট আদায় করতে হবে।

এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ