গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার কারণ জানালেন রেজা কিবরিয়া - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার কারণ জানালেন রেজা কিবরিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, মে ৯, ২০২৩ ১২:৩৭ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ

সাত দলের জোট গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে আসার কারণ জানালেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।

তিনি বলেছেন, ‘গণতন্ত্র মঞ্চ তাঁদের জন্য সঠিক প্ল্যাটফর্ম ছিল না। গণতন্ত্র মঞ্চ থেকে বেরিয়ে এলেও মানুষের অধিকারের জন্য, ভোটের অধিকারের জন্য যুদ্ধ চালিয়ে যাবেন তাঁরা। এই সরকারের বিরুদ্ধে তাদের যুদ্ধ অব্যাহত থাকবে।’

সোমবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘দেশের উন্নয়ন ও অগ্রগতিতে প্রবাসীদের ভূমিকা ও সংকট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সভার আয়োজন করা হয়।

দেশে আইনের শাসন নেই, তা ফেরত আনতে হবে উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ‘গণ অধিকার পরিষদ দেশের মানুষের ভোটের অধিকারের জন্য যুদ্ধ করেই যাচ্ছে। এই ব্যাপারে আমরা অনড়।’

প্রবাসীরা দেশের সবচেয়ে বড় সম্পদ বলে মন্তব্য করেন রেজা কিবরিয়া। তিনি বলেন, ‘আমাদের তেল নাই, গ্যাস নাই, কোনো সোনা নাই। কিন্তু আমাদের সোনার মানুষ আছে। তারা বিদেশে থেকে দেশের জন্য যা করছে, তা ভুলতে পারি না।’

গণ অধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর বলেন, ‘আমরা একটা জোটে ছিলাম। সেই জোট থেকে আমরা লিভ (বেরিয়ে আসা) করেছি। কেন করেছি, কোন প্রেক্ষাপটে করেছি, সেটা আমরা বলেছি। একটা কথা স্পষ্ট করেছি যে আমরা জোটে না থাকলেও বর্তমান ফ্যাসিবাদ পতনে, বাংলাদেশকে রক্ষায় বিরোধী দলগুলোর যে যুগপৎ আন্দোলন চলছে, সেই আন্দোলনে আমাদের সর্বাত্মক শক্তি ও সহযোগিতা নিয়ে রাজপথে থাকব।’

বর্তমান সরকার দেশকে সংকটে ফেলেছে উল্লেখ করে নুরুল হক বলেন, ‘নির্বাচন নিয়ে দেশে চরম সংকট তৈরি হয়েছে। বিরোধী দলগুলো বলছে, আলাপ-আলোচনা করে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিন। সেই নির্বাচনে যারাই ক্ষমতায় আসবে, তারা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কাজ করবে। আমরা সবাই সহযোগিতা করব।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম অভিযোগ করে বলেন, ‘প্রবাসীদের প্রতি বর্তমান সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তাই তারা দাবিগুলোর প্রতি মনোযোগ দিচ্ছে না। আমরা এই সরকারের কাছে ভিক্ষা চাই না। আমাদের এই মুহূর্তের আন্দোলন, এই সরকারের পরিবর্তন।’

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেজা কিবরিয়া বলেন, ‘বিএনপির সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। এই গণতন্ত্র মঞ্চে যারা আছেন, তারা যখন সরকারবিরোধী কাজে নামে, আমরাও থাকব। এ ব্যাপারে আমাদের কোনো দ্বিধা নেই।’

সভায় প্রবাসী অধিকার পরিষদের পক্ষ থেকে প্রবাসীদের অধিকার রক্ষায় ১০ দফা দাবি তুলে ধরা হয়। এতে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মহসিন রশিদ, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত, গণ অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ