গণতান্ত্রিক অধিকার আছে যে যার মতো রাজনীতি করবে: নাছিম - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গণতান্ত্রিক অধিকার আছে যে যার মতো রাজনীতি করবে: নাছিম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১:৩২ অপরাহ্ণ

 

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, গণতান্ত্রিক অধিকার আছে যে যার মতো রাজনীতি করবে। জনগণ যদি তাদের ডাকে সাড়া দেয়, সেটা সময়ই বলে দেবে তারা আন্দোলনকারী নাকি গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার পক্ষে সরকারের সঙ্গে রয়েছে। বিএনপির রাজনৈতিক উদ্দেশ্য হচ্ছে যড়যন্ত্র অথবা বিরাজনীতিকরণ।

শুক্রবার (৩ মার্চ) সকালে ধানমন্ডির বঙ্গবন্ধুর ভবনের সামনে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, দেউলিয়া হওয়া রাজনৈতিক দলের মুখে অনেক কথা মানায়, তাদের নিজেদের চেহারা আয়নায় দেখে নেওয়া দরকার। নিজেরাও জানে না তারা অস্তিত্বহীন রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

আন্দোলনের নামে নৈরাজ্য করলে প্রতিহত করা হবে জানিয়ে নাছিম বলেন, অতীতে তারা নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের মাধ্যমে দেশে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি করেছে। দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে একটা বিপর্যয়কর পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল।

নাছিম বলেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকলে তারা নির্বাচনে আসবে। তাহলে সরকার পরিচালনা করার সুযোগ আছে। কিন্তু নির্বাচনে না এসে গায়ের জোরে বিশৃঙ্খলা সৃষ্টি করবে জনগণকে সঙ্গে নিয়ে নিয়ে সঠিক জবাব দেওয়া হবে।

আওয়ামী লীগ রাজনীতির মাঠে আছে জানিয়ে যুগ্ম সম্পাদক বলেন, মাঠে-ময়দানে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে ভোটের রাজনীতিকে জোরদার করার জন্য কাজ করে যাচ্ছি। সরকার যে উন্নয়ন কর্মকাণ্ড করছে সেটা জনগণের কাছে বারবার তুলে ধরছি।

নাছিম আরো বলেন, বিএনপি নির্বাচনে জালিয়াতি করে ১৫ ফেব্রুয়ারি মার্কা নির্বাচন করে, দেড় কোটি ভুয়া ভোটার দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চায় তাদের মুখে এরকম মিথ্যাচার শোভা পায় না। বিএনপির কথার সত্যতার বিন্দুমাত্র লেশ নেই। দেশের মানুষকে বোকা বানানো সহজ নয়। বাংলাদেশের মানুষ শান্তিকামী মানুষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ