গতবারের তুলনায় দেড় লাখ টাকা বাড়ল বেসরকারি হজ প্যাকেজের দাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:০৯, সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গতবারের তুলনায় দেড় লাখ টাকা বাড়ল বেসরকারি হজ প্যাকেজের দাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২, ২০২৩ ১:৪৬ অপরাহ্ণ

 

গতবারের তুলনায় এবার বেসরকারিভাবে এজেন্সিগুলোর মাধ্যমে হজ পালনে এক লাখ ৪৯ হাজার ৮৭৪ টাকা বেশি গুনতে হবে। চলতি বছর বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। গত বছর যা ছিল ৫ লাখ ২২ হাজার ৭৪৪ টাকা।

রাজধানীর একটি হোটেলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুলাই সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ১২ হাজার ১৯৮ জন যেতে পারবেন হজে।

এম শাহাদাত হোসাইন বলেন, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের জন্য একটি প্যাকেজ করা হয়েছে। কোরবানি ছাড়া সর্বনিম্ন প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৭২ হাজার ৬১৮ টাকা। এছাড়া প্রত্যেক এজেন্সি হজযাত্রীদের চাহিদা অনুসারে বিভিন্ন প্যাকেজ করতে পারবেন।

কোরবানির খরচ প্রত্যেক হজযাত্রীকে আলাদাভাবে সঙ্গে নিতে হবে জানিয়ে শাহাদাত হোসেন তসলিম বলেন, এ বছর ৬৫ বা এর বেশি বয়সীরা হজে যেতে পারবেন। ঘোষিত প্যাকেজের হজযাত্রীদের পবিত্র হারাম শরিফের বাইরের চত্বরের সীমানার সর্বোচ্চ এক হাজার ৫০০ মিটার দূরত্বে আবাসনের ব্যবস্থা করা হবে।

‘কোনো এয়ারলাইন্স এ বছর ডেডিকেটেড ফ্লাইট ছাড়া সিডিউল ফ্লাইটে কোনো হজযাত্রী বহন করতে পারবে না। প্যাকেজ ঘোষণার পর সৌদি সরকার অতিরিক্ত কোনো ফি আরোপ করলে তা প্যাকেজের মূল্য হিসেবে গণ্য হবে এবং হজযাত্রীকে পরিশোধ করতে হবে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ