গাইবান্ধা ৩-বিএনপি’র অর্ধডজন, অন্য দলের একক - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাইবান্ধা ৩-বিএনপি’র অর্ধডজন, অন্য দলের একক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ২০, ২০২৫ ১২:৪৩ পূর্বাহ্ণ

 

তোফায়েল হোসেন জাকির, সাদুল্লাপুর (গাইবান্ধা) থেকে
ছবি: প্রতিনিধি

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ইতিমধ্যে গাইবান্ধা-৩ আসনে সম্ভাব্য প্রার্থীদের আনাগোনা বেড়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের এসব প্রার্থী কর্মিসভাসহ পোস্টার সাঁটিয়ে নানাভাবে প্রচার-প্রচারণা চালাচ্ছেন। বিএনপি’র মনোনয়ন পেতে প্রায় অর্ধডজন নেতা মাঠ সরগরম করছেন। এ ছাড়া দৌড়ঝাঁপ করেছেন হাইকমান্ডে। জামায়াত-এনসিপিসহ অন্যান্য দলের একক প্রার্থী মাঠে নেমেছেন। সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা নিয়ে গঠিত আসনটি। এর মধ্যে সাদুল্লাপুর উপজেলার ১১ ইউনিয়নে ২ লাখ ৭২ হাজার ৫৬৩ জন ভোটার। পলাশবাড়ী উপজেলায় এক পৌরসভা এবং ৭ ইউনিয়নে ২ লাখ ৩৩ হাজার ৩৩৩ জন ভোটার। মোট ৫ লাখ ৫ হাজার ৮৯৬ ভোটার রয়েছে। বিশাল সংখ্যক মানুষের মন জয় করতে মরিয়া সম্ভাব্য প্রার্থীরা। দিনরাত করছেন গণসংযোগ। ছুটে যাচ্ছেন মানুষের কাছে। জানাচ্ছেন আগামীর পরিকল্পনা। তুলে ধরছেন কাজ করার প্রবল ইচ্ছা। আর সাধারণ ভোটাররা করছেন নীরব পর্যবেক্ষণ।

বর্তমানে গাইবান্ধা-৩ আসন থেকে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী হিসেবে বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে। তারা হলেন- জেলা বিএনপি’র সভাপতি অধ্যাপক ডা. মইনুল ইসলাম সাদিক, জেলা বিএনপি’র উপদেষ্টা রফিকুল ইসলাম রফিক, জেলা বিএনপি’র সদস্য ড. মিজানুর রহমান মাসুম, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রওশন আরা ফরিদ, জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ হোসেন নিয়ন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা সরোয়ার সোহান ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার খন্দকার শাকিল আহমেদ। এদিকে সম্ভাব্য একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন- জামায়াতে ইসলামী বাংলাদেশের জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি মাওলানা মো. নজরুল ইসলাম লেবু, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার সভাপতি এটিএম আওলাদ হোসেন, গণঅধিকার পরিষদের জেলা শাখার সহ-সভাপতি সুরুজ্জামান সরকার ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী রুমান।

সম্ভাব্য এমপি পদপ্রার্থীরা প্রত্যেকেই দলের ও নিজের অবস্থান তুলে ধরতে বিভিন্ন সভা-সমাবেশ থেকে শুরু করে পোস্টার, ফেস্টুন সাঁটিয়েচ্ছেন। মাঠে-ময়দানে গণসংযোগসহ নির্বাচনী প্রচারণা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। কেউ হাল ছাড়তে নারাজ। সবাই কর্মী-সমর্থকদের নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন। তারা এলাকার উন্নয়নের লক্ষ্যে ভোটারদের মাঝে নানান প্রতিশ্রুতি দিচ্ছেন। সচেতন ভোটাররা বলছেন- উল্লিখিত দলগুলো থেকে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলা থেকে এখন পর্যন্ত ১২ জন্য সম্ভাব্য প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এর মধ্যে সাদুল্লাপুর থেকে ৯ জন আছেন। শেষ পর্যন্ত প্রার্থিতা পেয়ে পলাশবাড়ীর চেয়ে সাদুল্লাপুর থেকে প্রার্থীর সংখ্যা বেশি দাঁড়াতে পারে। এ আসনের নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে মূল লড়াই হবে বলে ধারণা করা হচ্ছে। তবে এখন পর্যন্ত ব্যানার-ফেস্টুনে প্রচারণায় এগিয়ে এনসিপি ও গণঅধিকার পরিষদের প্রার্থী। ধীরে ধীরে তাদের ভোটও বাড়ছে। মেহেদী হাসান, শুভ মিয়া ও অনিক ইসলামসহ কয়েকজন তরুণ ভোটার বলেন, এবারের নির্বাচন হবে তারুণ্যের। তরুণ ভোটাররা কোনো দলের না হয়ে যোগ্য ব্যক্তিকে ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারলেই জনগণের আকাঙ্ক্ষা পূরণ হবে। যে দলের নেতাকর্মীদের দ্বারা সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে না, তাদের ভোট দেয়ার পরিকল্পনা করছেন তারা। ড. মিজানুর রহমান মাসুম ও ফরহাদ হোসেন নিয়নসহ বিএনপি’র সম্ভাব্য প্রার্থীরা বলছেন, দল যাকে মনোনয়ন দিবে তার পক্ষে তারা কাজ করার জন্য প্রস্তুত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি অংশগ্রহণের সুযোগ পেয়ে যদি নির্বাচিত হন, তিনি এলাকার শিক্ষা-স্বাস্থ্যসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ