গাইবান্ধার ভোটকেন্দ্রে এবার ডাকাত নেই : রাশেদা খানম
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, জানুয়ারি ৪, ২০২৩ ২:১৪ অপরাহ্ণ

নির্বাচন কমিশনার রাশেদা খানম বলেছেন, গত ১২ অক্টোবর গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে চরম অনিয়ম হলেও এবার ভোটকেন্দ্রে কোনো ডাকাত নেই। আজকের ভোটে এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বুধবার (৪ জানুয়ারি) সিসি ক্যামেরায় ভোট মনিটরিংয়ের সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
রাশেদা বলেন, গত ১২ অক্টোবর এই আসনে অনিয়মের কারণে ভোট বন্ধ করা হয়েছিল। আজ পুনর্ভোট হচ্ছে। সেই ভোটে আমরা ঢাকা থেকে সিসি ক্যামেরায় পর্যবেক্ষণে দেখতে পাচ্ছি, ইভিএমে ভোট নিয়ে এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। ভোট আমাদের দেখামতে ভালো হচ্ছে, সুন্দর হচ্ছে। এ পর্যন্ত গতবার যে সিচুয়েশন দেখতে পেয়েছিলাম তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না।
তিনি বলেন, এবার ভোটকেন্দ্রে ডাকাত নেই। আমরা গতবারের মতো এ পর্যন্ত মাঠে ডাকাত দেখিনি। ভোটাররা সুন্দরভাবে পরিচিতি শনাক্ত হওয়ার পর গোপন বুথে যাচ্ছেন এবং ব্যালট ইউনিটে নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। সেখানে অন্য লোকের ভোট দেওয়ার বিষয়টি এখনো আমাদের চোখে পড়েনি।
তিনি আরো বলেন, ভোট শুরুর প্রথম কয়েক ঘণ্টায় ভোটার উপস্থিতি ১০ শতাংশের মতো। প্রচণ্ড শীত, আবার চরাঞ্চল খুবই দুর্গম জায়গা। এজন্য এখন পর্যন্ত উপস্থিতি একটু কম। আশাকরি ভোটার উপস্থিতি বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়বে।
সিসি ক্যামেরা কারণে অনিয়মকারীদের অনিয়মে আগ্রহ অনেকাংশে প্রশমিত হয়েছে বলেও জানান তিনি।
জনতার আওয়াজ/আ আ