গাইবান্ধায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল-সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ১০, ২০২২ ২:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ১০, ২০২২ ২:১২ অপরাহ্ণ

আরিফ উদ্দিন, গাইবান্ধা প্রতিনিধিঃ বাজেটে শিক্ষা-স্বাস্থ্য-সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি, চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্নিকান্ডে দায়ী মালিক এবং সরকারি কর্মকর্তাদের গ্রেফতার ও শাস্তি, অগ্নিকান্ডে নিহতদের পরিবারকে পর্যাপ্ত ক্ষতিপূরণ, আহতদের চিকিৎসা-পূনর্বাসনের দাবীতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাম গণতান্ত্রিক জোট।
শুক্রবার (১০ জুন) বিকেলে কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে শহরের ১নম্বর রেলগেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পুরাতন বাজারের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোটের জেলা সমন্বয়ক ও বাসদ (মার্কসবাদী) জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্লা খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় সহকারি সাধারণ সম্পাদক ও জেলা সভাপতি মিহির ঘোষ, বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, ওয়ার্কাস পার্টি ( মার্কসবাদী) জেলা সভাপতি রেবতী বর্মন, বাসদ জেলা আহবায়ক গোলাম রব্বানী, সিপিবি জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, বাসদ জেলা সদস্য সচিব সুকুমার চন্দ্র মোদক ও বাসদ (মার্কসবাদী) জেলা নেতা নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা, বাজেটে সামরিক খাতে ব্যয় কমিয়ে শিক্ষা-স্বাস্থ্য-কৃষি ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর দাবী জানান। সেই সাথে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে বলেন, নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে ও নির্দলীয় তদারকী সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তারা গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিম্ন আয়ের মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুরও দাবি করেন এবং সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে বিষ্ফোরনের জন্য দায়ীদের শাস্তি, নিহতদের ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, পূনর্বাসন, বর্তমান বাজার দর অনুযায়ী শ্রমিকের মজুরি নির্ধারণের দাবি করেন। দাবী আদায়ে গণআন্দোলনে যোগ দেয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানানো হয় সমাবেশ থেকে।
জনতার আওয়াজ/আ আ