গাজার উদ্দেশে বিশ্বের বৃহত্তম মানবিক নৌবহরের যাত্রা - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩২, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গাজার উদ্দেশে বিশ্বের বৃহত্তম মানবিক নৌবহরের যাত্রা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, সেপ্টেম্বর ৫, ২০২৫ ১০:১৪ অপরাহ্ণ

 

আন্তর্জাতিক ডেস্ক
ছবি :সংগৃহীত

ইসরায়েলের রক্তচক্ষু উপেক্ষা করে ইউরোপ থেকে গাজার মানুষের জন্য বিশাল মানবিক নৌবহর যাত্রা শুরু করেছে। সংগঠকরা একে বিশ্বের বৃহত্তম সমুদ্র মিশন হিসেবে উল্লেখ করেছেন। এতে অন্তত ৪৪টি দেশের প্রতিনিধি ও প্রায় ১০০টি জাহাজ অংশ নিচ্ছে।

৩১ আগস্ট স্পেনের একটি বন্দর থেকে নৌবহরের প্রথম অংশ যাত্রা শুরু করে। ডজনখানেক ছোট জাহাজ নিয়ে গঠিত ওই অংশে চিকিৎসক, মানবিক কর্মী, স্বেচ্ছাসেবী এবং জরুরি সহায়তা সামগ্রী বহন করা হচ্ছে। ৪ সেপ্টেম্বর তিউনিসিয়ায় দ্বিতীয় দফার জাহাজও এতে যোগ দিয়েছে।

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার তথ্য অনুযায়ী, স্পেন, অস্ট্রেলিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশসহ ছয়টি মহাদেশ থেকে প্রতিনিধি দল এতে অংশ নিচ্ছে। অংশগ্রহণকারীরা কোনো সরকার বা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নন, তারা সম্পূর্ণ মানবিক উদ্দেশ্য নিয়েই এই উদ্যোগে যুক্ত হয়েছেন।

নৌবহরটি চারটি প্রধান কোয়ালিশন পরিচালনা করছে। এতে স্বেচ্ছাসেবী, চিকিৎসক, শিল্পী, আইনজীবী, ধর্মীয় নেতা, সমাজবিদ ও নাবিকরা রয়েছেন। তাদের একমাত্র লক্ষ্য— গাজার অবরোধ ভাঙা, গণহত্যা বন্ধ করা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা।

বার্সেলোনার প্লাকা ডেল রেই-তে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানানো হয়, নিরাপত্তার কারণে নির্দিষ্ট জাহাজ ও বন্দরের তথ্য প্রকাশ করা হবে না। তবে প্রায় ৩,০০০ কিলোমিটার পথ অতিক্রমে ফ্লোটিলার ৭ থেকে ৮ দিন সময় লাগতে পারে।

ফ্লোটিলা হলো একটি নৌবহর, যা খাদ্য, ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী সংকটাপন্ন অঞ্চলে পৌঁছে দেয়। স্থল বা আকাশপথ বন্ধ থাকলে এ ধরনের সমুদ্র মিশন পরিচালিত হয়। ২০০৭ সাল থেকে ইসরায়েল গাজার আকাশসীমা ও জলসীমা কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। ২০০১ সালে ইসরায়েলের বিমান হামলায় গাজার একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর ধ্বংস হয়ে যাওয়ার পর থেকে আকাশপথও কার্যকর নেই।

তাই গাজার অবরোধ ভাঙতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে এই ফ্লোটিলা সমুদ্র পথে এগিয়ে যাচ্ছে। সংগঠকদের মতে, এটি শুধু সহায়তা নয়, বরং একটি শক্তিশালী বার্তা— অবরোধ অবিলম্বে শেষ করতে হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ