গার্মেন্টস শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে শেখ হাসিনা নির্বিকার: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, ডিসেম্বর ৫, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

নিউজ ডেস্ক
বাংলাদেশের গার্মেন্টস শিল্প ধ্বংসের দ্বারপ্রান্তে তবুও শেখ হাসিনা নির্বিকার বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, ক্ষমতা ধরে রাখতে গিয়ে বাংলাদেশের ভবিষ্যত কোথায় যাচ্ছে তার কোন খেয়াল রাখছে না সরকার, রাখতে চাচ্ছেন না। যদি গার্মেন্টস শিল্পের উপর স্যাংশন আসে, ১৮০ মিলিয়ন মানুষের কর্মসংস্থান যদি না থাকে দেশে কি পরিণতি হবে শেখ হাসিনা সেটা ভাবছেন না। তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে আমাদের গার্মেন্টস শিল্পকে একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, উনি (শেখ হাসিনা) দেশ চান না, দেশের মানুষ চান না, দেশের অর্থনীতি মজবুত হোক সেটা চান না, তার দরকার হচ্ছে অমল ধবল ক্ষমতা। সে কারণেই তিনি অবৈধ নির্বাচন করার জন্য মরিয়া হয়ে উঠেছেন।
তিনি বলেন, বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য দেশ-বিদেশে মানুষ সোচ্চার হয়ে উঠেছে। এই দাবির প্রতি আজকে বাংলাদেশি জনগোষ্ঠী এবং দেশের যারা বিদেশে অবস্থান করছেন সবাই যার যার জায়গা থেকে এবং সেই সাথে গণতন্ত্রকামী বিশ্ব তারাও কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বারবার তাগিদ দিয়ে আসছেন। ক্ষমতা যারা ধরে রাখতে চায় তাদের মনোবৃত্তি যদি এমন হয় ফ্যাসিজমের মতো, নাৎসীবাদের মতো, ডাকাতের মতো; তারা তো কখনো নীতির কথা শুনবেন না। এটাই স্বাভাবিক। সেই কাজটাই করছেন এই অবৈধ শাসকগোষ্ঠী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ভাগাভাগির নির্বাচন আখ্যা দিয়ে রিজভী বলেন, আসলেই তো এটা ভাগাভাগির নির্বাচন। তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাদেরকে ভাগিয়ে নিয়ে আসছেন আর তাদের তথাকথিত জোটের যাদের একটু মনঃক্ষুণ্ণ হচ্ছে তাদেরকে হালুয়া রুটির কিছু অংশ দিয়ে ফলাফলের ঘোষণা দিবেন, ৭ জানুয়ারি তা পাঠ করবে নির্বাচন কমিশন। সেটারই প্রস্তুতির কথা বলার চেষ্টা করছেন ওবায়দুল কাদের সাহেব। এখানে জনসাধারণ কোন ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে শেখ হাসিনার ইচ্ছা।
তিনি বলেন, রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীকে গত ১৫ বছর ধরে গড়ে তোলা হয়েছে শুধু মাত্র বিরোধীদলের নেতাকর্মীদেরকে নির্মূল করার জন্য। একেবারে পছন্দের লোকদেরকে বাছাই করে সব জায়গায় দায়িত্ব দেয়া হয়েছে। এটা করতে গিয়ে অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন করছেন, মনুষ্যত্বহীন কর্মকাণ্ড করছেন। কত মানুষকে যে গুম করেছে, খুন করেছে ক্রসফায়ার দিয়েছে তার কোন ইয়াত্তা নেই, আর এটার জন্যই দেশ-বিদেশের সবাই সোচ্চার। সরকারের অপকর্ম অপকৃর্তি অনাচারের বিরুদ্ধে কথা বললেই সেটা হয়ে যায় দেশে-বিদেশে ষড়যন্ত্র।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো দেশের সমস্ত কিছু পর্যবেক্ষণ করছেন। বারবার তুলে ধরছেন তারা (সরকার) কত মানুষকে গুম করেছেন এই নির্বাচনকে কেন্দ্র করে কতজন তরুণকে তারা তুলে নিয়ে গেছেন, নিরুদ্দেশ করে দিয়েছেন। মানবাধিকার ক্রমাগত লঙ্ঘনের জন্য আজকে পৃথিবীর বিভিন্ন মানবাধিকার সংগঠন সোচ্চার তারা রিপোর্ট পেশ করছে, এরপরও সরকারের টনক নড়ছে না।
জনতার আওয়াজ/আ আ