গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির মশাল মিছিল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৩, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকায় এনসিপির মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০২৫ ১:৪০ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি:সংগৃহীত
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রায় হামলার প্রতিবাদে ঢাকায় মশাল মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। বুধবার (১৬ জুলাই) রাতে মশাল মিছিলটি বাংলামোটর মোড় থেকে শুরু হয়ে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর উত্তরের প্রধান সমন্বয়কারী আকরাম হোসাইন বলেন, এনসিপির জুলাই পদযাত্রা উপলক্ষ্যে আজ গোপালগঞ্জে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই সমাবেশকে ঘিরে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ বহুমুখী ষড়যন্ত্র করেছে। শুধু তাই নয় জুলাই বিপ্লবীদেরকে হত্যার উদ্দেশ্যে তারা সারাদেশ থেকে লুকিয়ে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও সশস্ত্র ক্যাডারদের গোপালগঞ্জে একত্রিত করতে থাকে।

তিনি আরও বলেন, আজকে জুলাই পদযাত্রার সমাবেশস্থলে সশস্ত্র হামলা করে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও ক্যাডাররা। জাতীয় নাগরিক পার্টি এই হুমকি ও হামলাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিপ্লবী গোপালগঞ্জবাসীকে সাথে নিয়ে সমাবেশ সফল করে।‌ সমাবেশ শেষে ফেরার পথে গাড়ি বহরে সশস্ত্র হামলা করে আওয়ামী লীগের সন্ত্রাসী। এতে দুজন কেন্দ্রীয় সংগঠক নির্মমভাবে আহত হন। আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

হুঁশিয়ারি দিয়ে আকরাম হোসাইন বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় আনতে হবে। অন্যথায় জুলাই অভ্যুত্থানের বিপ্লবীরা আবারও রাজপথে নেমে আসবে এবং মুজিবাবাদের চিরস্থায়ী কবর রচনা করবে।

কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন বলেন, আজকে যে হামলা হয়েছে তা মুজিবাবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। আওয়ামী লীগ সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হওয়ার পরও এখন পর্যন্ত তারা কীভাবে এমন সশস্ত্র ক্যাডারদের দিয়ে হামলা করে তা আমাদের নতুন করে ভাবাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার এই দায় কখনোই এড়াতে পারে না। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের আওতায় না আনতে পারলে ছাত্র-জনতা আবারও জুলাই কায়েম করবে।

কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার বলেন, জুলাইয়ের সন্তানদের ওপর হামলার মধ্য দিয়ে প্রমাণিত হলো এখনো আমরা জুলাই গণহত্যার জন্য আওয়ামী লীগের বিচার শুরুই করতে পারি নাই। ইন্টেরিম আজকের ঘটনায় নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তারা ভোটের নিরাপত্তা দেওয়ার জন্য মোটেও ফিট না।

আজকের বিক্ষোভ মিছিল শেষে আগামীকাল একযোগে মহানগর উত্তর ও দক্ষিণের প্রতিটি থানার সামনে বিকেল ৪টায় প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করেন আকরাম হোসাইন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ