গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: মেনন - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা ও দুর্নীতির বিরুদ্ধে তরুণদের রুখে দাঁড়াতে হবে: মেনন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মে ১৮, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মে ১৮, ২০২৪ ৯:০২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দেশের তরুণ সমাজকে গোষ্ঠীতন্ত্র, সাম্প্রদায়িকতা ও দুর্নীতি-বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সংসদ সদস্য রাশেদ খান মেনন।

শনিবার (১৮ মে) রাজধানীর সেগুনবাগিচায় ছাত্রমৈত্রী ও যুবমৈত্রী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের ৮১তম জন্মদিন উপলক্ষে এক সভার আয়োজন করে। সভায় তিনি এসব কথা বলেন।

ওয়ার্কার্স পার্টির সভাপতি বলেন, ৫২ থেকে ৭১- এ দেশের প্রতিটি লড়াইয়ে অনন্য অবদান রেখেছেন এ দেশের তরুণ সমাজ। ৮০র দশকে এরশাদবিরোধী সংগ্রাম, ’৯০ এর দশকে গণঅভ্যুত্থানেও তরুণ সমাজ মূল ভূমিকায় ছিল। যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত হয়েছিল তরুণদের লড়াইয়ের কারণেই। তাই আজকের সে সমস্যা ও সংকট তা থেকে উত্তরণে তারুণ্যকেই এগিয়ে আসতে হবে।

মেনন বলেন, কেবল বাংলাদেশে নয়, সারা পৃথিবীতেও তারুণ্যের শক্তির কারণেই লড়াইয়ে বিজয় অর্জিত হয়েছে। আজকেও ফিলিস্তিনি গণহত্যার প্রতিবাদে পৃথিবীর দেশে দেশে ইসরায়েল ও সাম্রাজ্যবাদী লড়াইয়ে ঝাঁপিয়ে পড়েছে তরুণ সমাজ। তারুণ্যের উত্থান ছাড়া অতীতে যেমন কোনো লড়াইয়ে বিজয় অর্জিত হয়নি, আগামীতেও তারুণ্যের জাগরণ ছাড়া মুক্তি আসবে না।

বর্ষীয়ান বামপন্থি এ নেতা আজকের তারুণ্যকে লড়াইয়ে নামার আহ্বান জানিয়ে বলেন, আজকে দেশজুড়ে যে গোষ্ঠীতন্ত্র চলছে, সাম্প্রদায়িক মৌলবাদী আগ্রাসন চলছে, সাম্রাজ্যবাদী শক্তি নানাভাবে দেশটাকে গ্রাস করছে। দুর্নীতি-লুটপাটের মাধ্যমে ধনবৈষম্য বেড়ে চলছে। তার বিরুদ্ধে তারুণ্যের উত্থান ঘটিয়ে লড়াইকে জোরদার করতে হবে। আমার বিশ্বাস তরুণরা ঘুরে দাঁড়াবেই।

যুবমৈত্রীর সভাপতি কমরেড তৌহিদুর রহমান তৌহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা। বক্তব্য রাখেন যুবমৈত্রীর সাধারণ সম্পাদক তাপস দাস, ছাত্রমৈত্রীর সভাপতি অতুলন দাস আলো। সঞ্চালনা করেন ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টি।

পরে জন্মদিনের কেক কেটে ও ফুলেল শ্রদ্ধা জানানো হয় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ