চতুর্থদিনে তিতুমীরের শিক্ষার্থীদের অনশন, বিকেলে অবরোধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, ফেব্রুয়ারি ১, ২০২৫ ১:৩৮ অপরাহ্ণ

তিতুমীর কলেজ প্রতিনিধি
টানা চতুর্থদিনের মতো বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে অনশন করছেন তিতুমীর কলেজের একদল শিক্ষার্থী। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টার মধ্যে এ বিষয়ে ঘোষণা না এলে তারা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় সড়ক অবরোধ করবেন।
কলেজের প্রধান ফটকে অনশনরত শিক্ষার্থী মেহেদী হাসান বেলা ১১টায় বলেন, ‘আজকে বিকাল ৪টা পর্যন্ত আমরা সময় বেঁধে দিয়েছি, যদি আজকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয় ঘোষণা না করে তখন শিক্ষার্থীরা কিছু করলে সেটা তাদের বিবেচনা।’
আন্দোলনকারীদের প্ল্যাটফর্ম ‘তিতুমীর ঐক্য’র এই সদস্য বলেন, ‘বিশ্ব ইজতেমার কারণে রোববার বেলা ১১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি শিথিল থাকবে। এর মধ্যে আমাদের অনশন কর্মসূচি যেটা চলছে, সেটা চলমান থাকবে।’
আন্দোলনকারীদের নেতা নায়েক নূর মোহাম্মদ সংবাদমাধ্যমকে বলেন,‘আজকে বিকাল ৪টার মধ্যে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা না এলে আমরা উত্তর সিটি করপোরেশন এলাকায় সড়ক অবরোধ করব।’
আন্দোলনকারীদের ‘তিতুমীর ঐক্য’র সাত দফা দাবির মধ্যে রয়েছে, রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, ‘বিশ্ববিদ্যালয়’ প্রশাসন গঠন করে ২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিত না হলে অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করা।
এছাড়া ২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম আইন এবং সাংবাদিকতা বিষয় সংযোজন, অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ, শিক্ষার গুণগতমান শতভাগ বাড়াতে আসন সংখ্যা সীমিত এবং আন্তর্জাতিক মানের গবেষণাগার বিনির্মাণে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিত করার দাবিও রয়েছে অনশনে থাকা শিক্ষার্থীদের।
জনতার আওয়াজ/আ আ