চবিতে আবারও ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চবিতে আবারও ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ

 

সাধারণ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগের ‘বিজয়’ গ্রুপ। এদের একপক্ষ আলাওল ও এএফ রহমান হলে এবং আরেকটি পক্ষ সোহরাওয়ার্দী হলে অবস্থান করছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় সংঘর্ষ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত উভয় পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে হলের সামনে অবস্থান করছে।

ক্যাম্পাস সূত্র জানায়, সোমবার (২০ ফেব্রুয়ারি) দিনগত রাতের সংঘর্ষের জের ধরেই আবারও হামলার ঘটনা ঘটেছে। সেদিন ঘটনার মীমাংসা না হওয়ায় কয়েকদিন থেকেই উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলতে থাকে। এ ঘটনার জেরে শুক্রবার আলাওল হল ও এএফ রহমান হলে অবস্থানরত বিজয় গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে অবস্থানরত কর্মীদের ওপর আকস্মিক হামলা চালান। পরে সোহরাওয়ার্দী হলের গ্রুপ পাল্টা আক্রমণের সিদ্ধান্ত নিলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

একপক্ষ সোহরাওয়ার্দী হলের ছাদে ও অপরপক্ষ সোহরাওয়ার্দী হলের মাঠে অবস্থান নেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে তুমুল ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সোহরাওয়ার্দী হলের কয়েকটি কক্ষও ভাঙচুর করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে নেতাকর্মীরা যার যার হলের দিকে ফিরে যান।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. শহিদুল ইসলাম বলেন, ‘ঘটনা শোনার সঙ্গে সঙ্গে পুলিশ পাঠিয়েছি। পুলিশ সবাইকে যার যার হলে পাঠিয়ে দিয়েছে। আপাতত পরিস্থিতি শান্ত রয়েছে।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ