চাঁদাবাজি করলে আপনি আর বিএনপির রাজনীতি করতে পারবেন না: মুন্না - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চাঁদাবাজি করলে আপনি আর বিএনপির রাজনীতি করতে পারবেন না: মুন্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, অক্টোবর ২০, ২০২৪ ১০:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, যদি চাঁদাবাজি এং সন্ত্রাসী কর্মকাণ্ডে আমাদের দলের কেউ জড়িত থাকেন এবং সেটা যদি প্রমাণিত হয়, আপনি যেই হোন না কেন- আপনি আর বিএনপির রাজনীতি করতে পারবেন না।

রবিবার (২০ অক্টোবর) যশোরে দিকনির্দেশনামূলক যৌথ কর্মীসভায় তিনি এ সব কথা বলেন। সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের দিকনির্দেশনামূলক এই যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, ঘুরে ফিরে যেন চাঁদাবাজরা পুনর্বাসিত হতে না পারে সেদিকে জনগনকে সতর্ক করে গড়ে তোলার কাজ করতে হবে। ফ্যাসিবাদ ও ফ্যাসিবাদের দোসরকে ক্ষমতায় কোনোভাবেই আসতে দেওয়া যাবে না। অন্যথায় আপনি আপনার রাজনীতি করার যোগ্যতা হারাবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আমরা ‘জিরো টলারেন্স’ দেখাব এখানে।

মুন্না বলেন, গত ১৭ বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার ও মানুষের অধিকারের জন্য নিরলসভাবে আমরা নেতাকর্মীরা আন্দোলন করে আসছি। তারই সফলতা হিসেবে গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণআন্দোলনে বহু ছাত্র-জনতা ও বিএনপির নেতাকর্মীর রক্তের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন করে স্বাধীন হয়েছে।

স্বৈরাচারী হাসিনা সরকারের দোসররা এখনো বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে উল্লেখ করে দ্রুত তাদের অপসারণ ও বিচারের মুখোমুখি করতে হবে বলে জানান তিনি।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে যেসব মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান যুবদলের এই সভাপতি।

তিনি বলেন, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ করার দায়িত্ব নিয়ে নেতাকর্মীদের কাজ করতে হবে।

যশোর জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদের সভাপতিত্বে এবং জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পির যৌথ সঞ্চালনায় কর্মীসভায় আরও বক্তব্য রাখেন- ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন তারেক, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গাজী সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, যুবদলের সাবেক কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাড. নূরে আলম সিদ্দিকী সোহাগ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রবিউল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ