চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কাল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:২২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে কাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ১৩, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ১৩, ২০২৪ ২:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
রবিবার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে চীনে সরকারি সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৩ জুলাই) প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব এম এম ইমরুল কায়েস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী প্রেস কনফারেন্স রবিবার (১৪ জুলাই) বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে।

সাধারণত কোনো দেশ সফর শেষে সংবাদ সম্মেলন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে সফর সংশ্লিষ্ট বিষয় ছাড়াও সাংবাদিকদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। সর্বশেষ গত ২৫ জুন ভারত সফর নিয়ে সংবাদ সম্মেলন করেন সরকারপ্রধান।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে তিন দিনের দ্বিপক্ষীয় সফরে গত ৮ জুলাই দেশটিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১০ জুলাই পর্যন্ত অবস্থানকালে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকসহ বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করেন।

সফরের শেষ দিন ১০ জুলাই বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী ও চীনের প্রধানমন্ত্রীর মধ্যে একটি প্রতিনিধি পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ ২১টি দলিলে স্বাক্ষর করে এবং ৭টি প্রকল্পের ঘোষণা দেয়।

প্রধানমন্ত্রী এর আগে এ দিন সকালে গ্রেট হল অব দ্য পিপলে পৌঁছালে তাঁকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়। গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আগমনে চীনের প্রধানমন্ত্রী তাঁকে স্বাগত জানান।

সফর শেষে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট (বিজি-১৭০৪) গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ