চীন সফরে কর্মব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রতিনিধি দল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, জুন ২৬, ২০২৫ ১:২২ পূর্বাহ্ণ

ছবি: প্রতিনিধি
জনতার আওয়াজ ডেস্ক
চীন সফরের তৃতীয় দিন বুধবারও ব্যস্ত সময় পার করেছে বিএনপির ৯ সদস্যের প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধিদলটি চায়না কমিউনিস্ট পার্টি সানঝি প্রদেশ কমিটির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান স্ট্যান্ডিং কমিটি, সানঝি প্রদেশ পিপলস কংগ্রেস ঝাও ইয়েডি’র সাথে বৈঠক করে। এতে দ্বিপাক্ষিক বাণিজ্য, উচ্চশিক্ষা, হাই টেক ক্ষেত্রে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তিনি। দ্বিপাক্ষিক আলোচনা শেষে বিএনপি প্রতিনিধি দলের সম্মানে নৈশভোজে আপ্যায়িত করেন ঝাও ইয়েডি।
এর আগের দিন গতকাল মঙ্গলবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও বৈঠক হয়। এই বৈঠকের পর বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চীন সফররত বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে রাজনৈতিক সমঝোতা স্মারকে আগ্রহ প্রকাশ করেছেন কমিউনিস্ট পার্টি অব চায়নার (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের মিনিস্টার লি জিয়াং ঝাও। তিনি এক চীন নীতির ব্যাপারে বিএনপির সুস্পষ্ট অবস্থানকে স্বাগত জানিয়েছেন।
লি জিয়াং ঝাওয়ের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির পক্ষ থেকে বলা হয়, চীন তথা বিশ্বব্যাপী উন্নয়ন ও জনকল্যাণে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই) যুগান্তকারী ও অবিশ্বাস্য। এ কারণে বিএনপির পক্ষ থেকে চীনের প্রেসিডেন্টকে অভিনন্দন জানানো হয়। বিএনপির পক্ষ থেকে বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান-সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পে চীনের অধিকতর অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়। পরে বিএনপির প্রতিনিধি দল তাদের সম্মানে সিপিসির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সুন হাইয়ানের আয়োজনে মধ্যাহ্নভোজে যোগ দেন।
গত সোমবার থেকে চীন সফরে রয়েছে বিএনপির প্রতিনিধি দল। মির্জা ফখরুলের নেতৃত্বে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, অধ্যাপক সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার।
জনতার আওয়াজ/আ আ