চূড়ান্ত বিজয়ের জন্য রাস্তায় নামা ছাড়া অন্য কোন পথ নেই : দুদু - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

চূড়ান্ত বিজয়ের জন্য রাস্তায় নামা ছাড়া অন্য কোন পথ নেই : দুদু

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ৬, ২০২২ ২:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ৬, ২০২২ ২:১৮ অপরাহ্ণ

 

চূড়ান্ত বিজয়ের জন্য রাস্তায় নামা ছাড়া অন্য কোন পথ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, যেকোনো অর্থে জনগণকে সম্পৃক্ত করে যদি রাস্তায় নেমে আসতে পারি তাহলে এদেশের মানুষের চূড়ান্ত বিজয় হবে। দেশের মানুষের দুর্দিন কেটে যাবে।

শনিবার (৬ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, গত ৫০ বছরে ডিজেল-পেট্রোলের দাম এতটা বাড়েনি, যা এই সরকারের আমলে বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশচুম্বি, সাধারণ মানুষের বাঁচার কোন পথ নেই। এটার যখন কেউ প্রতিবাদ করে তখন হামলা-মামলা ও গুম করে দেওয়া হচ্ছে। চতুর্দিকে শ্বাসরুদ্ধকর এক পরিস্থিতি সৃষ্টি হ‌য়ে‌ছে।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তিন-চার বছর ধরে জেলে আটক করে রাখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে মিথ্যা মামলায় তথাকথিত বিচার করে বিদেশে থাকতে বাধ্য করা হয়েছে। আজ আমাদের সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের কোন না কোনভাবে চাপ দেওয়া হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে।

সাবেক এই সংসদ সদস্য বলেন, রাজনৈতিক দল হচ্ছে মানুষের কষ্টের সময় পাশে দাঁড়ানো। মানুষের স্বার্থে সিদ্ধান্ত গ্রহণ করা। মানুষের প্রয়োজনে দায়িত্ব গ্রহণ করা। সেটি যদি করা সম্ভব না হয় তাহলে একটি রাজনৈতিক দলের ব্যর্থতার পরিসীমা থাকে না।

তিনি বলেন, হামলা-মামলা পাকিস্তান আমলে হয়েছে। দেশ স্বাধীন হওয়ার প্রথম পর্যায়ে হয়েছে। এরশাদের আমলে হয়েছে। গত ৫০ বছরে বিভিন্ন সময় হয়েছে। কিন্তু এই অবৈধ সরকারের আমলে সবকিছু ছাড়িয়ে গেছে। আমরা যদি ঐক্যবদ্ধভাবে রাস্তায় দাঁড়াতে পারি, তাহলেই মুক্তি মিলবে। কারণ বাংলাদেশের জন্ম হয়েছে রক্ত ও যুদ্ধের মাধ্যমে। এই আন্দোলন তখনই সফল করা সম্ভব হয়, যখন সাধারণ মানুষ আন্দোলনে অংশগ্রহণ করে। সেই দিকে নজর দিয়ে আমরা যদি রাস্তায় নেমে আসতে পারি, তাহলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ব্যারিষ্টার মেজর (অব.) সরোয়ার, মুসলিম লীগের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা ফরিদ উদ্দিন, জিনাফ সভাপতি মিয়া আনোয়ার, সাবেক ছাত্রনেতা ফয়সাল আহমেদ, জুয়েল, মাসুদ আনন্দ, প্রজন্ম দলের সভাপতি জনি সরকার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ