ছবির শুটিং চলাকালীন ডেঙ্গুতে আক্রান্ত ইমরান হাশমি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বুধবার, মে ২৮, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বুধবার, মে ২৮, ২০২৫ ৯:২২ অপরাহ্ণ

গত এপ্রিল মাসে মুক্তিপ্রাপ্ত ‘গ্রাউন্ড জিরো’ ছবিতে সিনেসমালোচকদের প্রশংসা কুড়িয়েছিলেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। দর্শকমহলেও বহুল প্রশংসিত হয়েছিল সেই সিনেমা। তারপর অবশ্য পবন কল্যাণের প্যান ইন্ডিয়া ছবি ‘ওজি’র শুটিং শুরু করেছিলেন। আর সেই ছবির শুটিং চলাকালীনই অসুস্থ হয়ে পড়েন অভিনেতা। জ্বর ও গা-হাত-পায়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে শুরু করে। যার জেরে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ইমরান হাশমিকে।
প্রযোজনা সংস্থা থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে জানানো হয়েছে, এখন অভিনেতার চিকিৎসা চলছে। তবে দ্রুত তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
অভিনেতার ঘনিষ্ঠ সূত্রে সংবাদমাধ্যম বলছে, ‘ছবির শুটিং করতে করতেই অসুস্থ হয়ে পড়েন ইমরান হাশমি। তার পরেই চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন তিনি। তাকে বিশ্রাম নিতে বলা হয়েছে। সুস্থ হওয়ার পরেই তিনি আবার শুটিংয়ে যোগ দেবেন।’
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রক্ত পরীক্ষা করানোর পর জানা যায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ইমরান হাশমি। এরপর সঙ্গে সঙ্গে শুটিং থেকে বিরতি নিয়েছেন অভিনেতা।
প্রসঙ্গত, ‘ওজি’ ইমরানের প্রথম তেলুগু ছবি। তেলুগু তারকা পবন কল্যাণের সমান্তরাল চরিত্রে দেখা যাবে তাকে। আগামী ২৫ সেপ্টেম্বর ছবিটি সারা বিশ্বে মুক্তি পাবে।
জনতার আওয়াজ/আ আ