ছাত্রদলের মূলনীতি, দায় চাপানোর রাজনীতি’ স্লোগানে ছাত্রশিবিরের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, সেপ্টেম্বর ২, ২০২৫ ৩:৪৯ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ডাকসু বানচালের ষড়যন্ত্র, নারী হেনস্তা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ওপর হামলা এবং ছাত্রশিবিরের বিরুদ্ধে অব্যাহত মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এসময় ছাত্রদল কর্তৃক শিবিরের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ এনে ছাত্রদলের মূলনীতি, দায় চাপানোর রাজনীতিসহ বিভিন্ন ধরনের স্লোগান দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জাতীয় প্রেস ক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়েছে। ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
এসময় নেতাকর্মীরা ‘দায় চাপানোর রাজনীতি, চলবে না চলবে না’, ‘দিয়েছিতো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘ছাত্রদলের মূলনীতি, দায় চাপানোর রাজনীতি’, ‘কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপ-দাদার’ স্লোগানসহ আরও বিভিন্ন ধরনের স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলটি শাহবাগ মোচড়ে সমবেত হলে ছাত্রশিবিরের কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ সেখানে বক্তব্য রাখেন। তারা বলেন, আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে একটি গ্রুপ প্রতিনিয়ত অফলাইন এবং অনলাইনে আমাদের বিরুদ্ধে কবিতার মতো মিথ্যা প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছেন।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতার বিরুদ্ধে রিট করা এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তোলে ছাত্রদল। তারা দাবি করে, অভিযুক্ত ওই শিক্ষার্থী ‘শিবির নেতা’।
এ অভিযোগের পর সোমবার (১ সেপ্টেম্বর) গভীর রাতে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতি দেন। সেখানে তারা এ অভিযোগকে ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানান। তাদের দাবি, নারীর সম্মান ধ্বংসে ছাত্রলীগ ও ছাত্রদল একই মুদ্রার এপিঠ-ওপিঠ।
জনতার আওয়াজ/আ আ