ছাত্ররা পারে না এমন কিছু নেই, প্রতিবাদী হতে হবে: সচিব - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ছাত্ররা পারে না এমন কিছু নেই, প্রতিবাদী হতে হবে: সচিব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১৮, ২০২৪ ৬:৫৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘ছাত্ররা পারে না এমন কিছু নেই। তাদের আন্দোলন কেন সফল হয় না? তৃতীয় পক্ষ ঢুকে যায় সেজন্য। প্রতিবাদী হতে হবে, বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। দুর্নীতি দেখলে প্রতিরোধ করতে হবে। ছাত্ররা অফিস দুর্নীতিমুক্ত করতে চাইলে আমাদের পালানোর সুযোগ থাকবে না’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন।

বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে রাজশাহীতে আয়োজিত এক কর্মশালায় পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব এসব কথা বলেন।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) কার্যাবলী ও ই-জিপি‘র অগ্রগতি বিষয়ক সচেতনতামূলক এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন প্রধান অতিথি ছিলেন। বিপিপিএ‘র পরিচালক মো. আকনুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর।

এ সময় পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব আবুল কাশেম মো. মহিউদ্দিন বলেন, বালিশকাণ্ড, হাসপাতালের পর্দা ক্রয়সহ পত্রপত্রিকায় যা খবর আসে, সব বাস্তব সত্য। মোনাকো রাষ্ট্রের ব্যাংকে সুইজ ব্যাংকের চেয়ে বেশি টাকা রাখা আছে বহু বাংলাদেশীদের। আগে যারা দুর্নীতি করত, তারা মাথা নিচু করে চলত, সৎ অফিসাররা ছিল মাথা উচু করে। আর এখন দুর্নীতি যারা করে, তারা মাথা উচু করে চলে; সৎভাবে চললে মাথা নিচু করে চলতে হয়।

দুর্নীতি প্রসঙ্গে তিনি আরও বলেন, কত টাকা লাগে মানুষের? কোটি কোটি টাকার মালিক হবে, বেগমপাড়ায় বাড়ি করতে হবে, তার তো কোনো মানে নেই। সরকারের এ সচিব বলেন, আমাদের দায়িত্ববোধ নাই, দেশের প্রতি মায়া নাই। সবাইকে দায়িত্বশীল হতে হবে। আমরা কেউ দায় এড়াতে পারব না।

কর্মশালায় রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর বলেন, কোটা নিয়ে লঙ্কাকাণ্ডের মূলে দুর্নীতি। ছাগলকাণ্ডের মূলে দুর্নীতি। মাননীয় প্রধানমন্ত্রী সরকারি জিনিসপত্র ক্রয়ে স্বচ্ছতা নিশ্চিতের কথা বলেছেন। ধরা হচ্ছে, এ স্বচ্ছতা নিশ্চিতে তালিকা হচ্ছে।

এ সময় জেলা প্রশাসক শামীম আহমেদসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। কর্মশালায় সাংবাদিক, স্থানীয় ক্রয়কারী সংস্থা, দরদাতা, ব্যাংক প্রতিনিধি ও সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ