জনগণের দাবিকে আমরা ১০ দফায় রূপান্তর করেছি: খন্দকার মোশাররফ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জনগণের দাবিকে আমরা ১০ দফায় রূপান্তর করেছি: খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ১৬, ২০২২ ৩:০৬ অপরাহ্ণ

 

বিএনপির স্থায়ী কমিটির খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা যে দশ দফা দিয়েছি তা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, দেশপ্রেমিক নাগরিকদের ঐক্যবদ্ধ থাকার জন্য। আগামী দিনে আমরা (বিএনপি) যাতে শান্তি ও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। যাতে জনগণের সরকার প্রতিষ্ঠা হয় সেই আহ্বান জানাই। জনগণের দাবিকে আমরা ১০ দফায় রূপান্তর করেছি।’

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘যারা গায়ের জোরে দিনের ভোট রাতে ডাকাতি করে ক্ষমতায় এসেছেন, তারা আবার একই ধরনের নির্বাচন করার জন্য সারাদেশের বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন-নিপীড়ন শুরু করেছেন।’

মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কারাগারে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজকে কারাগারে, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম কারাগারে। ১০ ডিসেম্বরের সমাবেশকে কেন্দ্র করে তারা আজকে কারাগারে। এটা সরকারের যে দমননীতি ও চরিত্রের যে বহিঃপ্রকাশ ঘটেছে তাতে সারাদেশের মানুষ ক্ষুব্ধ। শুধু আমাদের দেশে না সেটা আন্তর্জাতিকভাবেও।’

তিনি বলেন, ‘আমাদের দেশে সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার এ দেশের মানুষ চায়। আন্তর্জাতিক সক্রিয়তা চায়। তাই আমরা এই বিজয় দিবসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি চাই।’

তিনি আরও বলেন, ‘মানবাধিকার এবং এদেশের মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে যেই স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, দুর্ভাগ্য আমাদের আজকে ৫১ বছর পরেও বলতে হয় বাঙালির সেই মুক্তিযুদ্ধের চেতনা আজকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত। গণতন্ত্র নেই, লুটপাট, চাঁদাবাজি, দেশের টাকা বিদেশে। আর এজন্য আমাদের অর্থনীতি ধ্বংসপ্রায়। দেশের মানুষ আজ দিশেহারা।’

প্রসঙ্গত, মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধের বেদীতে সকাল সাড়ে ৬টার দিকে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেন। এর পরপরই জনসাধারণের জন্য উম্মুক্ত করা হয় স্মৃতিসৌধের প্রধান ফটক। পরে সকাল ১০ টার দিকে বিএনপির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ