জাজিরায় হত্যার জেরে প্রতিপক্ষের তিন বাড়িতে তান্ডব! - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাজিরায় হত্যার জেরে প্রতিপক্ষের তিন বাড়িতে তান্ডব!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৪, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৪, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি
প্রতিপক্ষের হামলায় শরীয়তপুরের জাজিরার সেনেরচর ইউনিয়নের চরদুপুরিয়া এলাকার গ্রাম্য নেতা মন্টু বেপারি হত্যাকান্ডের শিকার হওয়ায় তার গ্রæপের লোকজন রাতভর তিনটি বাড়িতে তান্ডব চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে পুলিশের দাবি তেমন কিছুই ঘটেনি সেখানে। শুক্রবার (১-মার্চ) সন্ধ্যায় মন্টু বেপারি হত্যার শিকার হলে রাতেই এই ঘটনা ঘটে। যদিও পুলিশ জানিয়েছিলো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রতিপক্ষের আঃ করিম মাস্টার এবং জাহাঙ্গীর মুন্সিদের বাড়িতে থাকা বসত ঘরের মধ্যে ব্যাপক ধ্বংস যজ্ঞ চালানো হয়েছে। বিভিন্ন আসবাবপত্র ভাংচুরের পাশাপাশি আলমারি ও অন্যান্য আসবাবপত্রের ড্রয়ার গুলো ভেঙে নিয়ে যাওয়া হয়েছে টাকা-পয়সা সহ মূল্যবান সব কিছুই। এছাড়া একটি ঘরের ভিতরে থাকা আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়ায় পোড়া চিহ্নও রয়েছে।প্রত্যেকটি ঘরের মধ্যে ব্যাপক আকারে তান্ডব চালানোর চিত্র স্পষ্ট হয়ে আছে। তবে জাজিরা থানা পুলিশ রাতভর সেখানে টহল দিয়েছে বলে দাবি তাদের। অথচ পুলিশের টহল দেয়া ছোট্ট এলাকাটির কয়েক মিনিটের দুড়ত্বের মধ্যেই রয়েছে তান্ডব চালানো বাড়িগুলো। বাড়ির মধ্যকার প্রত্যেকটি ঘরেই লুটপাটের আলামত রয়েছে। কিন্তু সেখানে তেমন কিছুই ঘটেনি বলে দাবি পুলিশের।
জাহাঙ্গীর মুন্সির স্ত্রী বলেন, রাত ১২ টার সময় মন্টু বেপারির ভাগিনা ফারুক সরদারের নেতৃত্বে তাদের গ্রুপের অন্তত শতাধিক লোকজন তাদের বাড়িতে প্রবেশ করে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে তার ঘাড়ে রামদা ধরে এবং তার হাত পেছনে বেঁধে ঘরের মধ্যে ফজরের আযান পর্যন্ত ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। এসময় তার গলায় থাকা স্বর্নের চেইন, কানের দুল এমনকি নাকের নাকফুল পর্যন্ত জোরপূর্বক খুলে নিয়ে যায় তারা।

আঃ করিম মাস্টার বলেন, আমি এই হত্যাকান্ড সম্পর্কে কিছুই জানিনা। তার বিরুদ্ধে আমার মামলা চলমান রয়েছে। অথচ আমাদের বাড়িতে ব্যাপক লুটপাট করে আবার আগুন জ্বালিয়ে ঘর পুড়িয়ে দেয়ারও চেষ্টা করেছে তারা। পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ না করা হলে তাদের ঘরগুলো খুলে নিয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করেছেন প্রতিপক্ষ দলের আঃ করিম মাস্টার।
বিষয়টি সম্পর্কে জানতে অভিযুক্ত মন্টু বেপারির ভাগিনা ফারুক সরদারের মুঠোফোনে বহুবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। যার ফলে তার কাছ থেকে এ বিষয়ে কিছুই জানা সম্ভব হয়নি।
রাতে সেখানে টহল দেয়া জাজিরা থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বলেন, আমরা সারারাত সেখানে টহল দিয়েছি এবং যেখানেই কেউ সমস্যা করার চেষ্টা করেছে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছি। একটি বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা করলে আমরা গিয়ে আগুন নিভিয়ে দেই। তবে জাহাঙ্গীর মুন্সির বাড়িতে কোন ঘটনা ঘটেছে কিনা তা আমরা জানিনা।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান বলেন,কিছুই হয়নি সাধারণত হত্যাকান্ডের পরে অনেক অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা হয়ে থাকে। তবে আমাদের টহল জোরদার থাকায় তেমন কিছুই ঘটেনি। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রস্তুত রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ