জাতীয় ঐক্যের আহ্বানে ১২ দলীয় জোটের সংহতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুলাই ২৮, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুলাই ২৮, ২০২৪ ৭:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির জাতীয় ঐক্যের আহ্বানে একাত্মতা ও সংহতি জানিয়েছে ১২ দলীয় জোট। ন্যূনতম একদফা, অবৈধ, ফ্যাসিষ্ট, শেখ হাসিনা সরকারের পতনের দাবিতে সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানায় দলটি।
রবিবার (২৮ জুলাই) এক বিবৃতিতে ১২ দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বিএনপির নেতৃত্বে সকল গণতান্ত্রিক শক্তির প্রতি জাতীয় ঐক্য গঠনের আহ্বান জানান।
তিনি বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ব্যতিত আর কোন উপায় নেই। বাম-ডান সকল রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তি ও শক্তি একত্রিত হলে লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধার, অধিকারহীন জনগণ ও জাতির মুক্তি সম্ভব। আসুন সকলে একত্রিত হই, অবৈধ, ফ্যাসিষ্ট, খুনি হাসিনা সরকারের পতনের একদফা দাবিতে সোচ্চার হই, জাতীয় ঐক্যের মাধ্যমে দেশ ও জাতির মুক্তি ত্বরান্বিত করি।
বিবৃতিতে স্বাক্ষর করেন জোট প্রধান ও জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহ-সভাপতি রাশেদ প্রধান, বাংলাদেশ জাতীয় দলের ভাইস চেয়ারম্যান মো. সারওয়ার আলম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুর রকিব, ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, নয়া গণতান্ত্রিক পার্টির সভাপতি মাস্টার এম এ মান্নান ও প্রগতিশীল জাতীয়তাবাদী দল এর চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন।
জনতার আওয়াজ/আ আ