জাতীয় দলে যোগ দিলেন বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক ব্যক্তি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ২৭, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ২৭, ২০২৫ ২:৫৫ অপরাহ্ণ

ছবি: সংগৃহীত
জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয় দলে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশা এবং ছাত্রদের নেতৃত্বে শতাধিক ব্যক্তি। শুক্রবার (২৭ জুন) ধানমন্ডিতে দলটির চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদার হাতে ফুলের তোড়া দিয়ে তারা এ দলে যোগদান করেন।
জাতীয় দলের ভাইস চেয়ারম্যান সারোয়ার আলমের সভাপতিত্বে ও যুগ্ম মহাসচিব সাইফ রুমেলের সঞ্চালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক এডভোকেট সৈয়দ এহসানুল হুদা।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা যোগদান অনুষ্ঠানে আগত বিভিন্ন পেশাজীবী ও ছাত্রদেরকে স্বাগত জানিয়ে বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণে আজকের এই যোগদান বাংলাদেশ জাতীয় দলের জন্য একটি মাইলফলক হয়ে থাকবে।
তিনি বলেন, সবার আগে বাংলাদেশ এই চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে আগামীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয় দল দেশকে আর কখনো সেবাদাসে পরিণত হতে দেবে না।
নতুন যোগদানকারী সকলকে জনগণের সেবক ও খাদেম হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের মালিক জনগণ এবং জনগণের জন্যই আমরা রাজনীতি করি। বাংলাদেশ জাতীয় দলের কার্যক্রমকে গতিশীল করার জন্য আগামীতে যোগদানরতদেরকে কাউন্সিলের মাধ্যমে পদায়ন করা হবে।
জনতার আওয়াজ/আ আ