জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকারের জানাজা সম্পন্ন - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাতীয় ঈদগাহে ডেপুটি স্পিকারের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ২৫, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ২৫, ২০২২ ১:৩৬ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ জুলাই) সকাল সকাল ১০টা ৪৫ মিনিটে জাতীয় ঈদগাহে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় তার দীর্ঘদিনের সহকর্মীরা ছাড়াও অনেক আইনজীবী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

এর আগে সকাল পৌনে নয়টার দিকে যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছায় ডেপুটি স্পিকারের মরদেহ। বিমানবন্দরে আনুষ্ঠানিতা সেরে অ্যাম্বুলেন্সে করে মরদেহ নেওয়া হয় জাতীয় ঈদগাহ মাঠে।

ডেপুটি স্পিকারের জানাজার খবর শুনে অনেকে আগে থেকেই জাতীয় ঈদগাহে জড়ো হন। শেষবারের জন্য প্রিয় মানুষকে দেখতে অনেক আগেই আসেন তারা। ফজলে রাব্বীকে নিয়ে অনেকে স্মৃতিচারণ করে কথা বলতে শোনা গেছে আইনজীবী থেকে শুরু করে অনেককে। সাড়ে ১০টার কিছু আগে একাত্তরে রণাঙ্গণের এই বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ছাড়াও অনেক সংসদ সদস্য অংশ নেন। এছাড়া নানা শ্রেণিপেশার মানুষও সদ্য প্রয়াত সংসদ সদস্য ফজলে রাব্বীর জানাজায় অংশ নেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দুপুরে হেলিকপ্টারযোগে মরদেহ নেওয়া হবে গাইবান্ধার সাঘাটা উপজেলায়। ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে মরদেহ নেওয়া হবে গটিয়া গ্রামে। সেখানে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে সাতবার নির্বাচিত এই সংসদ সদস্যকে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে মারা যান ফজলে রাব্বী মিয়া। তিনি ক্যানসারে আক্রান্ত হয়ে হাসপাতালটিতে চিকিৎসাধীন ছিলেন।

ফজলে রাব্বী ১৯৮৬ সালের তৃতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে অংশ নিয়ে জাতীয় পার্টি থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। এরপর ১৯৮৮ সালে চতুর্থ, ১৯৯১ সালের পঞ্চম ও ১৯৯৬ সালে ১২ জুন সপ্তম জাতীয় সংসদ নির্বাচনেও একই আসন থেকে জাতীয় পার্টি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

পরে জাতীয় পার্টি ছেড়ে আওয়ামী লীগে যোগ দিয়ে ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও পরাজিত হন। এরপর ২০০৮ সালে নবম, ২০১৪ সালে দশম ও ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ