জাপার সময়ে রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি : জি এম কাদের - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জাপার সময়ে রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি : জি এম কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১:৫৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ৩, ২০২৩ ১:৫৩ পূর্বাহ্ণ

 

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, এই সরকারের আমলে বিদ্যুৎসহ রমজানে সব পণ্যের দাম বেড়েছে। কিন্তু জাতীয় পার্টির আমলে রমজানে কোনো পণ্যের দাম বাড়েনি। বরং রমজানে সাধারণ মানুষের কথা ভেবে সব পণ্যের দাম কমানো হয়েছিল। তাই এই দায় সরকারকে নিতে হবে।

আজ বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী এলাকা লালমনিরহাটে তিন দিনের সফরে গিয়ে সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব বলেন তিনি।

স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে জি এম কাদের বলেন, সব স্থানেই নানা অসঙ্গতি। বিশেষ করে শিক্ষা ও স্বাস্থ্যের ব্যাপক অনিয়ম দুর্নীতি নিয়ে সাধারণ মানুষের মাঝে কথা উঠেছে। এভাবে দেশ চলতে পারে না। তাহলে দেশের ভবিষ্যৎ খারাপের দিকে যাবে।

তিনি বলেন, বর্তমানে শিক্ষা ও স্বাস্থ্যে ব্যাপক দুর্নীতি হচ্ছে। এসব ঠিকভাবে দেখভাল হচ্ছে না। যারা এসব কাজের সঙ্গে জড়িত তারা কখনোই এটি ঠিক করছে না। দেশের মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। তাই শিক্ষা স্বাস্থ্যের দিকে নজর দেওয়া উচিত।

জাপা চেয়ারম্যান আরও বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সব মন্ত্রণালয়ের হযবরল অবস্থায় হয়ে পড়েছে। অব্যবস্থাপনার কারণে মন্ত্রণালয়গুলো অস্বাভাবিকভাবে ভেঙে পড়েছে। সরকারের উচিত এসব কঠোর নজরদারি দিয়ে নিয়ন্ত্রণে আনা।

বিদ্যুতের দাম বৃদ্ধি নিয়ে জি এম কাদের বলেন, প্রতিনিয়তই বিদ্যুতের দাম বৃদ্ধি হচ্ছে। ফলে বিভিন্ন ইন্ডাস্ট্রির ও ব্যবসা-বাণিজ্য লোকসানের দিকে। অনেক মানুষ বেকার হয়ে পড়ছে। বরাবরই সরকারকে এ বিষয়ে খেয়াল করার জন্য আমরা দাবি জানাচ্ছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না। বিদ্যুৎতের দাম বৃদ্ধি হওয়ার কারণে সরকারের জন্য এটি চরম ব্যর্থতা। এ সময় জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ