জামায়াত মালিক-শ্রমিকের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী: শফিকুর রহমান
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ১, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ১, ২০২৬ ৭:৪৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে কোনও সংঘাত নয়, বরং একটি শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে বিশ্বাসী বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১ মে) বিকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘‘বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে ইনসাফপূর্ণ এবং শান্তিপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। আমরা এমন একটি ব্যবস্থা চাই, যেখানে শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার পারিশ্রমিক নিশ্চিত হবে এবং মালিক-শ্রমিক কাঁধে কাঁধ মিলিয়ে দেশের অর্থনীতিকে সচল রাখবে।’’
বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলোর সমালোচনা করে তিনি বলেন, ‘‘যেসব দূতাবাস বিদেশে আমাদের শ্রমিক ভাইদের ন্যূনতম স্বার্থ ও নিরাপত্তা রক্ষা করতে পারে না, সেসব দূতাবাস চালু রাখার কোনও যৌক্তিকতা নেই। প্রয়োজনে সেসব দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত।’’
সংসদে জামায়াতের ভূমিকা প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ‘‘আমরা সংসদে গিয়ে ইতিহাসের শিক্ষক বা শিক্ষার্থী হতে চাই না। জামায়াত জনগণের অধিকারের কথা বলতে চায় এবং শোষিত মানুষের প্রতিনিধিত্ব করতে চায়।’’
সমাবেশে জামায়াতে ইসলামী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ