জামায়াতের বহিষ্কৃত নেতার নেতৃত্বে ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামায়াতের বহিষ্কৃত নেতার নেতৃত্বে ৪৫ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ৩০, ২০২৫ ২:২৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
ভোলার চরফ্যাশন উপজেলার আহম্মেদপুর ইউনিয়ন জামায়াতের সাবেক আমির ও দুলারহাট থানা শাখার বায়তুল মাল বিষয়ক সম্পাদক (ক্যাশিয়ার) মাওলানা ওমর ফারুকের নেতৃত্বে জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের মোট ৪৫ জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার পর নিজ বাসভবনে ফুলের মালা পরিয়ে বিএনপিতে তাদের স্বাগতম জানায় ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দীন আলম।

মাওলানা ওমর ফারুক বলেন, ‘চরফ্যাশন দুলারহাট থানা এলাকায় জামায়াতের কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট ছিলাম না। বিএনপির কার্যক্রম আমাদের কাছে গ্রহণযোগ্য মনে হওয়ায় আমিসহ ৪৫ জন নেতাকর্মী সাবেক এমপি নাজিম উদ্দীন আলমের হাত ধরে বিএনপিতে যোগদান করেছি।

দেশের গণতন্ত্র রক্ষা ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে আমরা সবসময় বিএনপির সঙ্গে থাকব।’
এ বিষয়ে সাবেক এমপি নাজিম উদ্দীন আলম বলেন, ‘‎বিএনপির কার্যক্রমে আস্থা রেখে এবং গণতন্ত্রের পক্ষে থাকার প্রত্যয়ে জমায়াতে ইসলামীর ৪৫ জন নেতাকর্মী আজ বিএনপিতে যোগদান করেছেন। সে জন্য আমি আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই। তাদের এই যোগদান বিএনপিকে আরো শক্তিশালী করবে এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয়ের পথ সুগম হবে।


এ সময় চরফ্যাশন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম মিন্টিজ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজি, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলালসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

তবে ভোলা জেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা হারুন অর রশিদ বলেন, ‘মাওলানা ওমর ফারুককে দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। এক বছর পর সে যে কোনো দলে যোগাদান করতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়। আর বাকী যারা তার সঙ্গে যোগাদন করেছেন তারা জামায়াতে ইসলামীর কোনো পদে ছিলেন না এবং কখনো জামায়াতে ইসলামীর রাজনীতিও করেনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ