জামালপু র ২প্রার্থীদের মধ্যে চলছে নির্বাচনের জোর প্রস্তুতি
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, অক্টোবর ২৬, ২০২৫ ১২:৫৫ পূর্বাহ্ণ

মো. আনোয়ারুল ইসলাম মিলন, জামালপুর থেকে
ছবি: সংগৃহীত
জামালপুর-২ (ইসলামপুর) আসনটিতে টানা দুই যুগ একচ্ছত্র রাজত্ব কায়েম করেছিল আওয়ামী লীগ। নানা অনিয়ম দুর্নীতি আর লুটপাটের স্বর্গ তৈরি করেছিল দলটির শীর্ষ পর্যায়ের কিছু নেতা। তবে ৫ই আগস্ট সরকার পতনের পর ওই সব নেতাদের অনেকেই এখন গা ঢাকা দিয়েছেন। অন্যদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে একাধিক বিএনপি’র মনোনয়নপ্রত্যাশীরা প্রতিযোগিতায় নেমেছেন। বিএনপি ছাড়াও এ আসন থেকে জামায়াতে ইসলামী ও জাতীয় পার্টির প্রার্থীও জোরেশোরে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই আসন থেকে মনোনয়ন পেতে মাঠে রয়েছেন বিএনপি’র তিন মনোনয়নপ্রত্যাশী। এরা হলেন- সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এএসএম আব্দুল হালিম, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু এবং শরীফুল ইসলাম খান ফরহাদ। এ ছাড়াও এ আসন থেকে নির্বাচন করতে মাঠে রয়েছেন জামায়াতের একক প্রার্থী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ছামিউল হক (ফারুকী) ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। অপরদিকে, বিএনপি’র আরেক প্রার্থী শরীফুল ইসলাম খান ফরহাদও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।
অপরদিকে, বহু আগে থেকেই মাঠে থাকা বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী সাবেক মন্ত্রিপরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ইসলামপুর উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি এএসএম আব্দুল হালিম তার নির্বাচনী এলাকায় ভোটারদের নানা উন্নয়ন প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হওয়ার পর তিনি ব্রহ্মপুত্র, যমুনা নদী শাসন, হাইওয়ে রাস্তা নির্মাণ, পূর্বের চরে ক্ষুদ্র ও মাঝারি শিল্প-কলকারখানা গড়ে তোলা এবং ইকোনমিক জোন স্থাপন, সিরাজাবাদ থেকে টাবুর চর পর্যন্ত ব্রিজ নির্মাণ, চরগোয়ালিনীর ডেবরা ব্রিজের পূর্ব পার্শ্বে পার্ক এবং খেলার মাঠ নির্মাণ, ব্রহ্মপুত্র নদীতে পাইলিং নির্মাণ, পুবের চরে মডেল কলেজ স্থাপনের পাশাপাশি বর্তমান কলেজগুলোর এমপিওভুক্তিকরণ, বিদ্যুৎ সরবরাহ সমস্যার সমাধান, যমুনা নদীর উপর ২য় সেতু বা টানেল নির্মাণ, ঢাকা হতে বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ডাবল লাইনের রেলপথ স্থাপন, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, নদীবন্দর ও পর্যটন কেন্দ্র স্থাপন, পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র স্থাপন, নারী শিক্ষার অগ্রগতি, মডেল মাদ্রাসা স্থাপন, বেকারত্ব দূরীকরণে কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহণ, কৃষির আধুনিকরণ এবং সার ও বীজের সহজ সরবরাহ নিশ্চিতকরণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। এরই মধ্যে এএসএম আব্দুল হালিম তার নির্বাচনী এলাকার অলিগলি চষে বেড়াচ্ছেন। তিনি বহু আগে থেকেই তার নির্বাচনী এলাকার প্রতিটি ঘরে ঘরে ভোটারদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও তাদের খোঁজখবর নিচ্ছেন। উল্লেখ্য, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এস এম আব্দুল হালিমের বিরুদ্ধে ১৪টি মিথ্যা মামলা দায়ের করেছিল। এসব মামলার জন্য তাকে বছরের পর বছর আদালতের বারান্দায় ঘুরতে হয়েছে। এদিকে ইসলামপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নবাবও নাশকতার ১৫টি মামলার আসামি হলেও বিএনপি মনোনয়নপ্রত্যাশী উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি সুলতান মাহমুদ বাবুর বিরুদ্ধে সে সময় কোনো মামলা হয়নি বলে জানা গেছে।অ্যাক্টিভওয়্যার
অন্যদিকে, এ আসন থেকে জামায়াতের একক প্রার্থী হিসেবে দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মো. ছামিউল হক (ফারুকী) দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন বলে জানা গেছে।
এ ছাড়াও ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচনে অংশ নেয়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ সরাসরি নির্বাচনী প্রচারণায় না নামলেও তিনি ঘন ঘন এলাকায় আসছেন এবং স্থানীয় ভোটার ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছেন। এ ছাড়াও তিনি এলাকার অসহায় ও দরিদ্র মানুষদের নানাভাবে সাহায্য সহযোগিতা করছেন। অসহায় মানুষদের জন্য তার এই ভূমিকার জন্য সবাই তাকে নিঃস্বার্থ দানবীর বলে অভিহিত করেন। অনেকের মতে, তিনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন তাহলে বিএনপি’র প্রার্থীর সঙ্গে তার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করেন। মোস্তফা আল মাহমুদ বলেন, জাতীয় পার্টি থেকে এখনো নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা আসেনি। দলীয় নির্দেশনা পেলে আমি অবশ্যই নির্বাচন করবো এবং ইনশাআল্লাহ জয়যুক্ত হবো।
জনতার আওয়াজ/আ আ