জামালপুরে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের রেলপথ অবরোধ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামালপুরে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের রেলপথ অবরোধ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জানুয়ারি ১৮, ২০২৬ ৪:২১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
জামালপুরে নবগঠিত শহর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছেন।

রবিবার (১৮ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের ফিশারি মোড় এলাকায় জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে প্রায় এক ঘণ্টা আটকে থাকে। ফলে এ রুটে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

অবরোধ চলাকালে জামালপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত হোসেন বলেন, কয়েক দিন আগে কমিটি গঠনের কথা বলা হলেও গত বছরের ২৪ ডিসেম্বর জামালপুর শহর শাখাসহ ছাত্রদলের দুটি কমিটি প্রকাশ করা হয়। ওই কমিটিতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একজন নেতাকে পদ দেওয়া হয়েছে। অন্যদিকে ছাত্রদলের অনেক ত্যাগী নেতাকর্মীকে পদবঞ্চিত করা হয়েছে। গত ১৭ বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন, তাদেরও কমিটিতে রাখা হয়নি বলে তিনি অভিযোগ করেন।

পদবঞ্চিত জামালপুর শহর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক নাজমুস সাকিব তন্ময় বলেন, অবিলম্বে এই কমিটি বাতিল করতে হবে। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর করা হবে। পরে বেলা ১টার দিকে পুলিশ প্রশাসনের আশ্বাসের পর আন্দোলনকারীরা রেলপথ অবরোধ প্রত্যাহার করেন।

এ বিষয়ে জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল পাঠান দাবি করেন, যারা আন্দোলন করছে তারা ছাত্রদলের কেউ নয়। নির্বাচনের আগে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

অন্যদিকে জামালপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক মোবাইল ফোনে বলেন, আন্দোলনকারীরা সবাই ছাত্রদলের নেতাকর্মী। তারা বিগত সময়ের আন্দোলনকারী, ত্যাগী ও রাজপথের সাহসী সৈনিক। তাদের বাদ দিয়ে একটি পকেট কমিটি গঠন করা হয়েছে বলেই এই আন্দোলন চলছে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃত্ব মিডিয়ার মাধ্যমেই জেনেছে বলে তিনি উল্লেখ করেন।

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ছাত্রদলের কমিটি নিয়ে একটি পক্ষ রেলপথ অবরোধ করে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে কথা বলে। পরে তারা অবরোধ তুলে নিলে দুপুর ১টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ