জামিনে মুক্তি পেলেন মির্জা ফখরুল-আব্বাস - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জামিনে মুক্তি পেলেন মির্জা ফখরুল-আব্বাস

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জানুয়ারি ৯, ২০২৩ ৬:৪৭ অপরাহ্ণ

 

এক মাস কারাভোগের পর জামিনে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সোমবার (৯ জানুয়া‌রি) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে তারা ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মির্জা আব্বাসের মুক্তির অপেক্ষায় দুপুর থেকেই নেতাকর্মীরা কারাগারের গেইটে অপেক্ষা করছিলেন। সন্ধ্যায় যখন এই দুই শীর্ষ নেতা বের হয়ে আসেন তখন কারাগারের বাইরে অপেক্ষমাণ বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। মহাসচিব নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন।

এছাড়াও আসামিপক্ষের আইনজীবী জাকির হোসেন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হাইকোর্টের দেয়া জামিন আদেশ আজ সোমবার সিএমএম আদালতের জুডিসিয়াল মুন্সিখানায় এলে আমরা জামিননামা দাখিল করি। এ জামিননামা কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার পৌঁছালে তা যাচাই-বাছাই করে তাদের কারামুক্তি দেয়া হয়।

দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা কেন্দ্রীয় কারাগার এলাকায় দেখা যায়, দুই নেতার জামিনের সংবাদ পেয়ে কেরানীগঞ্জ ও ঢাকার আশপাশের বিএনপির নেতাকর্মীরা দুপুর থেকে কারাগার প্রাঙ্গণে এসে জড়ো হন। মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিনের বিষয়টি কেন্দ্র করে কারাগার কর্তৃপক্ষ কারাগার এলাকায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করে।

কারাগারে আসা বন্দীদের আত্মীয়-স্বজন ও দর্শনার্থীদের কারাগার এলাকায় প্রবেশকালে তল্লাশি করা হয়। বিকেল থেকে মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস কারাগারের ফটকে অপেক্ষা করছিলেন। তার সঙ্গে ছিলেন বিএনপির আরও অনেক নেতাকর্মী।

এর আগে বেলা সাড়ে ৩টার দিকে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের জামিননামা আদালতে দাখিল করা হয়। জামিননামা কারাগারে যাওয়ার পর তারা মুক্তি পাবেন বলে জানান তাদের আইনজীবীরা। বিকেল ৪টা ২০ মিনিটে বিএনপির এই দুই নেতার জামিননামার কাগজপত্র কারাগারে পৌঁছায়।

রাজধানীর নয়াপল্টনে গত ৭ ডিসেম্বর পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় করা মামলায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের জামিন গত রবিবার বহাল রাখে সর্বোচ্চ আদালত। মির্জা ফখরুল-আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন।

মির্জা ফখরুল ও আব্বাসকে ৮ ডিসেম্বর গভীর রাতে তাদের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। পরদিন তাদের নয়াপল্টনে (৭ ডিসেম্বর) বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় গ্রেফতার দেখানো হয়। মামলায় মির্জা ফখরুল ও আব্বাসের জামিন আবেদন ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনবার নাকচ হয়।

সর্বশেষ ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাদের জামিন আবেদন নাকচ হয়। এ অবস্থায় তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন। গত মঙ্গলবার হাইকোর্ট রুলসহ দুজনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে আদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ পরদিন বুধবার আবেদন করে, যা আপিল বিভাগের চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ