জাহাঙ্গীরনগরে শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, জুন ১৪, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, জুন ১৪, ২০২৬ ১০:০৩ অপরাহ্ণ

জাবি প্রতিনিধি
ছবিঃ প্রতিনিধি
ছাত্রশিবির কর্তৃক গুমের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকারদের অবমাননা, অনলাইনে সরকারের বিরুদ্ধে অপপ্রচার এবং নারী ধর্ষণসহ নারী নির্যাতনের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রবিবার (১৪ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে মিছিলটি শুরু হয়।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার এলাকায় গিয়ে শেষ হয়। মিছিলে ‘বাহ শফিক চমৎকার, ধর্ষকদের পাহারাদার’, ‘ধর্ষণ করে গুমের নাটক, চলবে না চলবে না’, ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’ সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিল শেষে শহিদ মিনার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে শাখা ছাত্রদলের সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক বলেন, ‘গুম একটি মানবাধিকার লঙ্ঘনের অপরাধ। হাসিনা সরকারকে হালকাভাবে দেখানোর জন্য বিরোধী দল এ ধরনের নাটক সাজিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা চালাচ্ছে। এটি দেশের বিরুদ্ধে বড় ধরনের ষড়যন্ত্র কি না তা সরকারকে খতিয়ে দেখতে হবে।’
তিনি বিরোধী দলকে গঠনমূলক রাজনীতি করার আহ্বান জানিয়ে প্রকৃত ঘটনা তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান। শিবিরের ভণ্ডামির তীব্র নিন্দা জানিয়ে তিনি প্রকাশ্য ও প্রতিযোগিতামূলক রাজনীতির পক্ষে মত দেন।
শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির হিরণ বলেন, ‘শিবির নেতা একজন বোনকে ধর্ষণ করে ভ্রূণ হত্যা করেছে এবং নিজে অপহরণের নাটক সাজিয়েছে।’
তিনি জামায়াত-শিবিরকে ‘অপরাধ জগতের সংগঠন’ হিসেবে বর্ণনা করে বলেন, ‘এতে ঢোকা সহজ কিন্তু বের হওয়া কঠিন। গুপ্তভাবে ক্যাম্পাসে তাদের কমিটি চালানোর সমালোচনা করেন তিনি।’
জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ রুবেল বলেন, ‘কুমিল্লায় একজন ছাত্রশিবির নেতা ধর্ষণ করে ‘গুমের নাটক’ সাজিয়ে সরকারের ওপর দায় চাপানোর অপচেষ্টা করেছিল, যেখানে জামায়াত-শিবিরের উচ্চপর্যায়ও জড়িত। এর মাধ্যমে তারা জনমনে বিভ্রান্তি সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার পায়তারা করেছে। ধর্ষণ করে গুমের নাটক করা প্রকৃত গুমের শিকার পরিবারগুলোর বেদনাকে অবমাননা করার শামিল। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার দাবি করছি।’
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাপনী বক্তব্যে সংগঠনের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী গণ-অভ্যুত্থানের পর শান্তিপূর্ণ রাজনীতির সুযোগ ছিল। কিন্তু ইসলামী ছাত্রশিবির বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে।’
তিনি আরও বলেন, ‘শিবিরের এক নেতা নারী ধর্ষণ ও ভ্রূণ হত্যায় জড়িত থাকার পর গুমের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকারদের অবমাননা করেছে এবং সরকারকে মিথ্যা দোষারোপ করেছে।’
শিবিরকে সুষ্ঠু রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অন্যথায় প্রতিহত করা হবে এবং আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
সমাবেশে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের অর্ধশত নেতারা উপস্থিত ছিলেন।
জনতার আওয়াজ/আ আ