জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে বিএনপি গঠন করেছিলেন: নার্গিস বেগম - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে বিএনপি গঠন করেছিলেন: নার্গিস বেগম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১, ২০২৫ ১১:০৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, জিয়াউর রহমান সময়ের প্রয়োজনে বিএনপি দল গঠন করেছিলেন। দেশপ্রেমের মাত্রা যে শতভাগ হতে হয়, যার উদাহরণ ছিলেন শহীদ জিয়া। তিনি শুধু স্বাধীনতার ঘোষণাই দেননি, অস্ত্র হাতে নিয়ে লড়াই করেছেন। জীবন উৎসর্গ করেছেন। এজন্যই আজও মানুষ তাকে স্মরণ করে।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের লালদীঘি এলাকায় দলীয় কার্যালয়ের সামনে গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যশোর নগরসহ সদর উপজেলার ১৫টি ইউনিয়নে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেছে জেলা বিএনপি। কর্মসূচিতে অধ্যাপক নার্গিস বেগম নেতা-কর্মীদের হাতে গাছের চারা তুলে দেন।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর যখন দেশ অরাজকতায় নিমজ্জিত ছিল, তখন জনগণ আস্থা রেখেছিল শহীদ জিয়ার প্রতি। সেই আস্থাই তাকে দেশের নেতৃত্বে এনেছিল। গ্রামে গ্রামে বৃক্ষরোপণ বনায়নের ভাবনা ছিল জিয়াউর রহমানের হাত ধরে। ওই কর্মসূচিতে নতুন জাগরণ সৃষ্টি হয়।

জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুর সভাপতিত্বে এ সময় বিএনপি খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাপ্পী বলেন, আমরা যশোর নগর ও সদর উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে চারা রোপণের কর্মসূচি গ্রহণ করেছি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে বৃক্ষের চারা রোপণ শুরু হবে।

তিনি জানান, মোট ১ হাজার ৭৫০টি চারা বিতরণ করা হয়েছে। চারার মধ্যে দেশি ফল জলপাই, কতবেল, বেল, আমলকি, করমচা, কাঠবাদাম, হরিতকি ইত্যাদি রয়েছে। এছাড়া শিউলি ফুলসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ