জুলাই আন্দোলনে শহীদ পরিবারের মাঝে জবি ছাত্রদলের ঈদ উপহার
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মার্চ ২২, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মার্চ ২২, ২০২৫ ১২:০১ পূর্বাহ্ণ

জবি প্রতিনিধি
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় এবং বিগত ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে গুম হওয়া ও আহত ছাত্রনেতা এবং জুলাই আগষ্টের গণঅভ্যুত্থানে নিহত ও আহতের পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আন্দোলনে নিহত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শহীদ সাজিদের পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেন তারা।
আজ শুক্রবার (২১ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা কতৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলের সময় এই ইদ উপহার বিতরণ করা হয়। এসময় গুম হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের সন্ধান চেয়ে বক্তব্য দেন জবি ছাত্রদল নেতারা।
অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, জুলাই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল ব্যাপকভাবে অংশগ্রহণ করে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানাই।
বিশেষ অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ১৫ বছরের আন্দোলন সংগ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূমিকা অপরিসীম। ভবিষ্যতে সকল ইউনিটে তাদের মূল্যায়ন করা হবে।
এসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজন বানচাল করতে একটি চক্র সক্রিয় হয়ে কাজ করছে। এসময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ছাত্রদলের সকল নেতাকর্মীদের আবারও আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে বলেন।
রকিবুল ইসলাম আরও বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সব সময় রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। তাদের অবদান ভুলে যাওয়া অসম্ভব। তবে আন্দোলন শেষ নয়, যে সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপির দীর্ঘদিনের আন্দোলন সেই আন্দোলনের জন্য আবারও প্রস্তুত হতে হবে।
এই ইফতার মাহফিলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদলের অধিকাংশ নেতাকর্মী উপস্থিত হন। এতে সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সঞ্চালনা করেন সদস্য সচিব শামসুল আরেফিন।
জনতার আওয়াজ/আ আ