জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবারকে ‘পুঁজি করে’ কোটি টাকার মালিক ছাত্র সমন্বয়কেরা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান: শহীদ পরিবারকে ‘পুঁজি করে’ কোটি টাকার মালিক ছাত্র সমন্বয়কেরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ১০, ২০২৬ ৪:২২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারকে পুঁজি করে ছাত্র সমন্বয়কেরা কোটি টাকার মালিক হয়েছে বলে অভিযোগ করেছেন গণঅভ্যুত্থানে শহীদ শাহরিয়ার হাসানের (আলভী) বাবা মো. আবুল হাসান। তিনি বলেন, ‘আজ আমাদের পুঁজি করে এই ছাত্র সমন্বয়কেরা শহীদ পরিবারকে বিক্রি করে হাজার কোটি টাকার মালিক হয়েছে। তারা রাজনৈতিক দল গঠন করেছে, ফায়দা লুটে আঙুল ফুলে কলাগাছ হয়েছে। অথচ শহীদ পরিবারের ন্যায্য দাবি ছিল আমাদের সন্তানদের হত্যাকারীদের বিচার।’

শনিবার (১০ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শহীদ পরিবারের সদস্যরা।

মো. আবুল হাসান বলেন, ‘এই সরকার একটি অপদার্থ সরকার। আর যারা আজ উপদেষ্টার চেয়ারে বসে আছে, তাদের ভেতরে ন্যূনতম কোনো কৃতজ্ঞতাবোধ নেই। কৃতজ্ঞতাবোধ থাকলে আজ আমরা বিচারের অগ্রগতি দেখতে পেতাম। এখনো বিচারের নামে আমাদের ঘুমপাড়ানি গল্প শোনানো হচ্ছে।’

ছাত্র উপদেষ্টা থাকা অবস্থায় শহীদ পরিবারের দাবির বিরোধিতা করা হয়েছিল অভিযোগ করে তিনি বলেন, ‘নাহিদ, আসিফসহ ছাত্র উপদেষ্টারা তখন আমাদের দাবিদাওয়া নিয়ে তাদের কাছে গেলে বিরোধিতা করেছেন। তারা বলেছে, শহীদ পরিবার যদি টাকা চায় বা আইন করতে চায়, তাহলে তা অসম্মান হবে। কিন্তু বাস্তবে তারা নিজেদের আখের গুছিয়েছে। আমরা যাতে কিছু না পাই, সে ব্যবস্থাই তারা করেছে। তারা সরকারে থাকাকালীন কখনো আমাদের বিচার নিয়ে মুখ খোলেনি।’

তিনি আরও বলেন, ‘হাদিকে জীবন দিতে হতো না। এর প্রধান কারণ সরকারের বিশ্বাসঘাতকতা। এই সরকার আসামিদের গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে। যারা আহত এবং যাদের এখনো গেজেট করা হয়নি, তাদের গেজেট দ্রুত সম্পন্ন করতে হবে।’

সংবাদ সম্মেলনে শহীদ সায়েমের মা শিউলি আক্তার বলেন, ‘দেড় বছর পেরিয়ে গেছে, আমাদের সন্তানরা শহীদ হয়েছে, কিন্তু এখনো বিচার পাইনি। এই সরকার আমাদের সন্তানদের রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় এসেছে, অথচ কোনো বিচার করেনি। অনেকেই পা হারিয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে— তাদের সুচিকিৎসাও নিশ্চিত করা হয়নি।’

তিনি বলেন, ‘আমরা চেয়েছিলাম এই সরকার এসে আমাদের সন্তানদের হত্যার বিচার করবে এবং আহতদের সুচিকিৎসা দেবে। কিন্তু কিছুই দেওয়া হয়নি। শহীদ পরিবারের সবাই আজ নিরাপত্তাহীনতায় ভুগছি। অন্তর্বর্তী সরকার আমাদের নিরাপত্তা দিতেও ব্যর্থ।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শহীদ পরিবার ছয় দফা দাবি উত্থাপন করে—

১. জুলাই ২৪-এর শহীদদের হত্যাকাণ্ডের দ্রুত বিচার করতে হবে।
২. প্রকাশ্যে ঘুরে বেড়ানো সব আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।
৩. শহীদ ও আহত পরিবারের আইনি সুরক্ষা নিশ্চিত করতে হবে।
৪. আহত ও শহীদ পরিবারের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে।
৫. যেসব আহত ও শহীদ পরিবারের গেজেট হয়নি, তা এই সরকারের আমলেই সম্পন্ন করতে হবে।
৬. শহীদদের প্রায় ২৫০ এতিম শিশুর লেখাপড়ার দায়িত্ব সরকারকে নিতে হবে এবং জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের আইনগত দায়মুক্তি নিশ্চিত করতে হবে।

‘জুলাই ২৪-এর শহীদদের হত্যাকাণ্ডের বিচারে সরকারের অনীহা, আসামিদের গ্রেপ্তার না করা এবং শহীদ পরিবারের ন্যায্য অধিকার আদায়ের দাবিতে’ জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে শতাধিক শহীদ পরিবারের সদস্য অংশগ্রহণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ