জোবায়দা রহমানের মামলা চলবে কিনা জানা যাবে ১৩ এপ্রিল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৭, ২০২২ ১০:০৫ পূর্বাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা এক মামলা বাতিলের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। এ আদেশের বিরুদ্ধে আসামিপক্ষের করা লিভ-টু-আপিলের বিষয়ে আগামী ১৩ এপ্রিল আদেশ দেওয়া হবে। ওই দিন জানা যাবে জোবায়দা রহমানের বিরুদ্ধে এই মামলা চলবে কি না।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের একটি বেঞ্চ আদেশের জন্য এই তারিখ ধার্য করেন। গত বছরের ১ এপ্রিল জোবাইদা রহমানের লিভ-টু-আপিলের শুনানি শেষে ৮ এপ্রিল আদেশের দিন ধার্য ছিল। কিন্তু করোনা পরিস্থিতিতে সে আদেশ আর হয়নি।
আদালতে জোবায়দার পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, জোবায়দা রহমান ও তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্র দাখিলের পর মামলা বাতিল চেয়ে জোবায়দা রহমান হাইকোর্টে আবেদন করেন।
আবেদনের চূড়ান্ত শুনানি শেষে ২০১৭ সালের ১২ এপ্রিল হাইকোর্ট জোবায়দার আবেদন খারিজ (রুল ডিসচার্জ) করে রায় দেন। একইসঙ্গে ওই মামলায় আট সপ্তাহের মধ্যে জোবায়দা রহমানকে বিচারিক আদালতে উপস্থিত হতে নির্দেশ দেওয়া হয়। এই রায়ের বিরুদ্ধে ওই বছরই লিভ টু আপিল করেন তারেকপত্নী জোবায়দা।
জনতার আওয়াজ/আ আ