ঝালকাঠিতে বাসচাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত, শিক্ষার্থীদের রাস্তা অবরোধ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ১৬, ২০২৩ ২:৩৫ অপরাহ্ণ

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে বেপরোয়া গতির বাসচাপায় ভ্যানগাড়ি চালক ও এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ৯টার দিকে বরিশাল-কুয়াকাটা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীসহ স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝালকাঠির নলছিটি থানাধীন শিমুলতলা এলাকায় চলন্ত ভ্যানগাড়িকে চাপা দেয় ‘আল আমিন’ পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই শিক্ষার্থীসহ ভ্যানচালকের মৃত্যু হলে স্থানীয়রা প্রতিবাদস্বরুপ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এবং শিমুলতলা বাজার এলাকায় সড়কে গতিরোধক বসানোর দাবি করেন।
নিহত এসএসসি পরীক্ষার্থীর নাম তমাল ভট্টাচার্য (১৭)। সে স্থানীয় জেড এ ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। তমাল এবারে এসএসসি পরীক্ষার্থী ছিল। আর অন্যজন হলেন ভ্যানচালক আকাশ (১৯)। ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন তিনি।
দুর্ঘটনার পর বরিশাল পটুয়াখালী মহাসড়কে নেমে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীসহ স্থানীয়রা। এতে প্রায় ২ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে নলছিটি উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) জান্নাত আরা নাহিদ বুঝিয়ে সড়ক থেকে তাদের সরিয়ে দেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, ‘নিহত দু’জনের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
জনতার আওয়াজ/আ আ