টঙ্গীতে বিএনপির নির্বাচনী মিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ শতাধিক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টঙ্গীতে বিএনপির নির্বাচনী মিছিলে গ্যাস বেলুন বিস্ফোরণ, দগ্ধ শতাধিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, ফেব্রুয়ারি ৯, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
গাজীপুর-২ আসনে বিএনপির নির্বাচনী প্রচারণার সমাপনী মিছিলে গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে টঙ্গীর মাজার বস্তি এলাকায় এ ঘটনায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকসহ অন্তত শতাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচনী প্রচারণার শেষ দিনে বড় ধরনের শোডাউন আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল বিএনপি। মিছিলকে বর্ণাঢ্য ও আকর্ষণীয় করতে টঙ্গীর মাজার বস্তি এলাকায় বিপুল পরিমাণ গ্যাস বেলুন ফোলানো হচ্ছিল। বিকেলের দিকে হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মিছিলে অংশ নিতে আসা সাধারণ মানুষ, নেতাকর্মী ও সমর্থকরা দগ্ধ হয়ে দিকবিদিক ছোটাছুটি শুরু করেন।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. নাফিসা শারমিন জানান, আহতদের অনেকের শরীরের বড় অংশ দগ্ধ হওয়ায় তাদের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ঘটনার খবর পেয়ে টঙ্গী পূর্ব থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না বা নাশকতার কোনো উদ্দেশ্য ছিল কি না, সে বিষয়টিও গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

দুর্ঘটনার সংবাদ পেয়ে বিএনপির স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ দ্রুত হাসপাতাল ও ঘটনাস্থলে ছুটে যান। তারা আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনাটিকে একটি মর্মান্তিক ও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে আহত সবাইকে দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেন নেতারা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ